সবার মন জিততে চান আমির

তাঁর প্রত্যাবর্তন নিয়ে কত আলোচনা-সমালোচনা, কত বিতর্ক! সেসব বিতর্ক শেষ হয়নি এখনো, এরই মধ্যে মোহাম্মদ আমির জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড সফরের পাকিস্তান দলে। কেউ তাঁর এই ফেরাকে স্বাগত জানিয়েছেন, কারও অবস্থান এই সিদ্ধান্তের বিরুদ্ধে। তবে যাঁকে নিয়ে এত আলোচনা সেই মোহাম্মদ আমির আশাবাদী, নিজের আচরণ আর পারফরম্যান্স দিয়ে তিনি সব সমালোচকের মনও জিতে নেবেন একদিন।
২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের কারণে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন ৫ বছরের জন্য। জেলও খেটেছেন। ওই নিষেধাজ্ঞা শেষের সময়টা ঘনিয়ে আসার পর থেকেই শুরু হয়েছিল তাঁকে ঘিরে নতুন বিতর্ক। জাভেদ মিয়াঁদাদ, রমিজ রাজাসহ পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক খেলোয়াড় আগাগোড়াই তাঁকে দলে ফেরানোর বিরোধিতা করে গেছেন। ঘরোয়া ক্রিকেটে খুব ভালো করায় তাঁকে যখন অনুশীলন ক্যাম্পে ডাকা হলো, তখন ক্যাম্পই বর্জন করে বসলেন মোহাম্মদ হাফিজ ও আজহার আলী। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলী তো আমিরের কারণে ওয়ানডে দলের অধিনায়কত্বই ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেনি পিসিবি। আলোচনার পর অধিনায়কত্ব চালিয়ে যেতে রাজি হন আজহার। এত কিছুর পরও আমির ঠিকই জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ড সফরের দলে।
ফেরার ইচ্ছে তো পূরণ হলো। হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেনও। কিন্তু একসময় তাঁর প্রতি সমর্থকদের যে ভালোবাসা ছিল, সেটি কি আর ফিরে পাবেন? আমির কিন্তু আশাবাদী, ‘আমি নিশ্চিত সমর্থকেরা আমাকে ভালোবাসবে। আর বিদ্রূপ বা কঠোর সমালোচনা যদি আসে, আমি সেসবের জন্য তৈরি আছি। উইকেট নিয়ে আর ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
ফেরার এ সুযোগটা দেওয়ায় আমির কৃতজ্ঞ দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে, ‘দ্বিতীয় সুযোগ পাওয়া আসলেই খুব কঠিন। আমার দেশ, ক্রিকেট বোর্ড, সমর্থক সবার কাছেই আমি কৃতজ্ঞ যে তারা আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন।’
অনেক সমালোচনা থাকলেও জাতীয় দলে আমিরের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন শহীদ আফ্রিদি। পরশু নিউজিল্যান্ড সফরের দল ঘোষণার পর টুইটারে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক লিখেছেন, ‘আমিরকে দলে ফিরে পেয়ে আমি খুশি। ইংল্যান্ডে আমি যখন প্রথম জিজ্ঞেস করেছিলাম, সে তখনই আমাকে সত্যিটা বলেছিল। যেহেতু সে নিজের দোষ স্বীকার করেছিল, তাই দ্বিতীয় সুযোগ পেতেই পারে।’
তবে একই সঙ্গে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অনেকের আমির-বিরোধী অবস্থানকেও শ্রদ্ধার চোখেই দেখেন আফ্রিদি, ‘স্পট ফিক্সিং কেলেঙ্কারির জন্য আমাদের অনেক ভুগতে হয়েছে। এর জন্য সব জায়গায় আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমি তাই হাফিজ আর আজহারের ভাবনাকেও শ্রদ্ধা জানাই।’ পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকের অবস্থানও আফ্রিদির মতোই, ‘অনেক খেলোয়াড়েরই আমিরের ব্যাপারে খচখচানি আছে। আমার মনে হয় খেলোয়াড়দের এ নিয়ে মন্তব্য করাই উচিত নয়। আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে সম্মান জানানো উচিত।’
আফ্রিদির সমর্থনে মোহাম্মদ আমিরও আপ্লুত, ‘আমি তাঁকে (আফ্রিদি) ধন্যবাদ জানাই। তিনি আমার বড় ভাইয়ের মতো। বিপিএলে দেখা হওয়ার পর এবং দেশে ফিটনেস ক্যাম্পে তিনি আমাকে অনেক সাহস দিয়েছেন। এই সমর্থনটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল।’ এএফপি।