সবার সামনে একই সমীকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আবাহনীর সঙ্গে ম্যাচের ফল নিয়ে জিজ্ঞেস করবেন না, কিছু বলতে পারব না’—শুরুতেই জানিয়ে দিলেন মিজানুর রহমান। মজার ব্যাপার, প্রাইম দোলেশ্বরের কোচ কথাই শুরু করলেন ওই ম্যাচটি দিয়ে, ‘আমাদের দুটি ম্যাচ হয়েছে, আবাহনীর
বিপক্ষে ম্যাচের ফল এখনো পাইনি। আর গত ম্যাচ হেরে যাওয়ায় আমাদের অবস্থান একটু নড়বড়ে হয়ে গেছে।’
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্বে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শিরোপাদৌড়ে বেশ এগিয়ে থাকা দোলেশ্বর আটকে আছে এক জায়গায়। ১২ ম্যাচ শেষেও তাদের পয়েন্ট ১৪। দোলেশ্বরের ভাবনায় তাই ঘুরপাক খাচ্ছে বিকেএসপিতে আবাহনীর সঙ্গে অমীমাংসিত ম্যাচটি। পয়েন্ট ভাগাভাগি, নাকি ম্যাচটি যেখানে থেমেছিল, সেখান থেকেই শুরু হবে—এ নিয়ে এখনো ধোঁয়াশা আছে। সিসিডিএমের সমন্বয়কারী আমিন খানও অনির্দিষ্ট উত্তর দিলেন ম্যাচটি নিয়ে, ‘রোববারের (আগামীকাল) বোর্ড মিটিংয়ের এজেন্ডায় প্রিমিয়ার লিগ আছে। আলোচনায় নিশ্চয়ই উঠবে বিষয়টি। এই ম্যাচের ফল ছাড়া তো লিগ শেষ হবে না। আশা করি, কাল একটা সিদ্ধান্ত জানা যাবে।’
আজ থেকে শুরু সুপার লিগের তৃতীয় রাউন্ড সব দলের জন্যই গুরুত্বপূর্ণ। সমীকরণ এমনই যে শিরোপা জিততে সবাইকে বাকি তিনটি ম্যাচই জিততে হবে। সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট পাওয়া লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপিতে তারা লড়বে প্রাইম ব্যাংকের সঙ্গে। রূপগঞ্জের অধিনায়ক মোশাররফ হোসেনের কণ্ঠে ছন্দ ধরে রাখার প্রত্যয় থাকলেও গ্রুপ পর্বের দুটি ম্যাচ নিয়ে তাঁর হতাশাও আছে। ফতুল্লায় কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে আম্পায়ারিং বিতর্ক আর বৃষ্টিবাধায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তারা হেরেছিল ১০ রানে। বিকেএসপিতে ব্রাদার্সের সঙ্গে ম্যাচ হয়নি বৃষ্টি ও উইকেট ভেজা থাকায়। মোশাররফ মনে করেন, একটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি না হলে শিরোপা জয়ে অনেকটা এগিয়ে যেত রূপগঞ্জ, ‘পয়েন্ট ভাগাভাগি করতে না হলে শিরোপার কাছে চলে যেতাম। এখনো ভালো সুযোগ আছে। দুটিতে জিততে পারলেই হবে।’
শুরুতে খুব একটা আলোচনায় না থাকলেও এবারের লিগে মাঠের পারফরম্যান্সে নজর কেড়েছে ভিক্টোরিয়া। শিরোপার লক্ষ্যে এগোতে থাকা দলটি অবশ্য আলোচিত হচ্ছে আরেকটি কারণে। নির্ধারিত সময়ে খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিকমতো না দেওয়ার অভিযোগ উঠেছে ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে। কাল বিকেলে ক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ বসেছিলেন খেলোয়াড়দের সঙ্গে। সমাধানের পথে না গিয়ে উল্টো কোচ-অধিনায়কসহ দলের পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ! গুরুত্বপূর্ণ একটি ম্যাচের আগে এটি কতটা জরুরি ছিল? নেছার বললেন, ‘মানসিকভাবে ধাক্কা দিতেই কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।’ ভিক্টোরিয়া ক্লাব সভাপতি জানালেন, আগের ম্যাচটি হেরে যাওয়ার ব্যাখ্যা জানতে চেয়েছেন তাঁরা। শিরোপা জিততে সব দল যেখানে তাকাচ্ছে সামনে, ভিক্টোরিয়া ক্লাব কর্তৃপক্ষ পড়ে আছে পেছনে।
মোহামেডান-প্রাইম ব্যাংকের সামনে একই সমীকরণ। শিরোপার সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ জিততেই হবে দুই দলকে। ফতুল্লায় বাঁচা-মরার ম্যাচে মোহামেডানের প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর। মিরপুরে ভিক্টোরিয়ার সঙ্গে জিতলে শিরোপার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকবে আবাহনী।
আজকের খেলা
ভিক্টোরিয়া-আবাহনী সকাল ৯টা, মিরপুর
মোহামেডান-প্রাইম দোলেশ্বর সকাল ৯টা, ফতুল্লা
রূপগঞ্জ-প্রাইম ব্যাংক সকাল ৯টা, বিকেএসপি