সবুজ অ্যাডিলেডে এক 'ফাইনাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল অ্যাডিলেডে সংবাদ সম্মেলনে দুই অধিনায়ক—অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক, পাকিস্তানের মিসবাহ–উল–হক l এএফপি
কাল অ্যাডিলেডে সংবাদ সম্মেলনে দুই অধিনায়ক—অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক, পাকিস্তানের মিসবাহ–উল–হক l এএফপি

অ্যাডিলেড ওভালের এক কোনায় জরুরি সভা। মাইকেল ক্লার্ক ও রডনি মার্শের সঙ্গে ন্যাড়া মাথার এক ভদ্রলোক। অস্ট্রেলিয়ার অধিনায়ক ও প্রধান নির্বাচকের সঙ্গে থাকা ওই ভদ্রলোকের নাম ডেমিয়ান হাউ। অ্যাডিলেড ওভালের কিউরেটর। দীর্ঘ ওই আলোচনার বিষয়বস্তু নিশ্চয়ই তাহলে অনুমান করতে পারছেন!
ঐতিহ্যগতভাবেই এই মাঠের উইকেট দারুণ ব্যাটিং সহায়ক। এই অস্ট্রেলিয়ান গ্রীষ্মে একটু শুষ্কও। তবে গত কিছুদিনে মেলবোর্ন-ব্রিসবেনও যেমন মূল চরিত্র হারিয়ে ব্যাটিং উইকেট হয়ে উঠেছে, কাল হঠাৎ করে নতুন চেহারায় দেখা গেল অ্যাডিলেডের ২২ গজকেও। সবুজের ছোঁয়ায় নতুন সাজ! ন্যাড়া মাথার ওই ভদ্রলোককে ক্লার্ক-মার্শদের অনুরোধ, উইকেটও যেন ন্যাড়া বানিয়ে ফেলা না হয়। ম্যাচের দিনও যেন অক্ষত থাকে সবুজাভ চেহারা। সবুজ রণক্ষেত্রেই আজ শেষ চারে ওঠার লড়াইয়ে নামতে চান ক্লার্ক। অস্ট্রেলিয়ান অধিনায়ক যে ম্যাচকে বলছেন ‘ফাইনাল।’ মিসবাহ-উল-হকের জন্য তো ফাইনাল বটেই। শুধু দল নয়, নিজেরও। হারলেই শেষ ওয়ানডে ক্যারিয়ার।
ক্লার্কের অনুরোধ রেখে উইকেট সবুজ রাখা হবে বলেই ধারণা। কাল তো উইকেটের দুই প্রান্তকে পানি গেলানোও হলো অনেক। শুষ্কতা, রুক্ষতা যতটুকু থাকে, কেড়ে নিতে। যাতে রিভার্স সুইংয়ের সামান্য সম্ভাবনাটুকুও না থাকে। অ্যাডিলেডে আজ তাই গতির লড়াই, পেসের লড়াই, সুইংয়ের লড়াই। দুই দলেরই পেস আক্রমণ দুর্দান্ত। যদিও সবচেয়ে বড় অস্ত্র মোহাম্মদ ইরফানকে হারিয়েছে পাকিস্তান। ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, সোহেল খানদের নিয়ে গড়া পেস আক্রমণ যদিও কম যায় না। তবে স্টার্ক-জনসন-কামিন্সকে নিয়ে গড়া আক্রমণ এগিয়ে অনেকটাই। এর চেয়েও গুরুত্বপূর্ণ, দুই দলের ব্যাটিং। অস্ট্রেলিয়া যেখানে এগিয়ে যোজন যোজন। আর পেস-সুইংয়ে বরাবরই দুর্বল পাকিস্তানিরা।
সবুজ উইকেটের চ্যালেঞ্জটা নিতে এ জন্যই এতটা উদ্গ্রীব ক্লার্ক। যদিও পাকিস্তানকে হেলাফেলা করতে নারাজ, ‘আমার মনে হয়, অনেক দিন ধরেই পাকিস্তান দলটিকে সবাই তুলনামূলক খাটো করে দেখে, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে ওদের। চ্যালেঞ্জটা অনেক কঠিন হবে সন্দেহ নেই। ওদের হারাতে হলে সেরাটাই খেলতে হবে আমাদের। ম্যাচটিকে আমরা নিচ্ছি বিশ্বকাপ ফাইনালের মতোই।’
অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ ৭ ম্যাচের সব কটিতেই স্বাগতিকদের কাছে হেরেছে পাকিস্তান। তবে মিসবাহদের প্রেরণা হতে পারে আরেকটি ইতিহাস। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে দুই দলের একমাত্র ম্যাচ! ১৯৯২ বিশ্বকাপে ইমরান খানদের অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর শুরু অ্যালান বোর্ডারের দলকে হারিয়েই। সেটিও ছিল পেস-স্বর্গ পার্থে। মিসবাহর দলকেও ঝড়-ঝাপটা কম পেরোতে হয়নি। বিশ্বকাপের আগেই আজমল-জুনাইদ-হাফিজকে হারানোর পর হারাতে হয়েছে ইরফানকেও। বিশ্বকাপ অভিযান শুরু প্রথম দুই ম্যাচ হেরে, একাদশ নির্বাচন নিয়ে বিতর্ক চলেছে সমানে। কিন্তু এই দলটাও ঠিকই উঠেছে কোয়ার্টারে, গ্রুপে হারিয়েছে দক্ষিণ আফ্রিকার মতো দলকে। ক্লার্কদের হারানোর বিশ্বাস তাই থাকতেই পারে মিসবাহদের।
ফল যা-ই হোক। রান-বন্যার বিশ্বকাপে হঠাৎ সবুজ উইকেটের রোমাঞ্চ দেখতেই এই ম্যাচে চোখ রাখা যায়! সূত্র: ক্রিকইনফো, এএফপি, রয়টার্স।
মুখোমুখি অস্ট্রেলিয়া–পাকিস্তান
ম্যাচ অস্ট্রেলিয়া পাকিস্তান টাই/ফল হয়নি
মোট ৯২ ৫৭ ৩১ ১/৩
অস্ট্রেলিয়ায় ৫০ ৩২ ১৬ ১/১
অ্যাডিলেডে ৬ ৫ ১ -
বিশ্বকাপে ৮ ৪ ৪ -