সবুজ উইকেট? পাত্তা দিচ্ছেন না শাস্ত্রী!

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই ধাক্কা খেল সবাই। এটা মিরপুরের উইকেট! সবুজে ঢাকা একটা উইকেট। পুরোপুরি পেসবান্ধব উইকেটে চারজন পেসার লেলিয়ে দেওয়া হলো ভারতের ব্যাটিং লাইনআপের ওপর। একাদশ ওভার পর্যন্ত মাঠে ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশের পেসাররাই। সেদিন ম্যাচ হারলেও ভারতের বিপক্ষে জয়ের মন্ত্রটা ঠিকই পেয়ে যায় বাংলাদেশ।
পেসবান্ধব উইকেট আর চারজন পেসার!
টুর্নামেন্টের বাকি সময় জুড়েও বাংলাদেশর পেসাররা দেখিয়েছেন কেন পেস বোলিংকেই বাংলাদেশের মূল অস্ত্র ভাবা হচ্ছে এখন। আজ ফাইনালেও তাই আরেকটা সবুজে ঢাকা উইকেট এবং পেসার নির্ভর বোলিং আক্রমণ নিয়েই মাঠে নামার কথা মাশরাফিদের। পুরো টুর্নামেন্ট জুড়ে তাসকিন-আল আমিনদের পারফরম্যান্স ও পেস বোলিংয়ে ভারতীয় টপ অর্ডারের অস্বস্তি মিলে ম্যাচপূর্ব আলোচনায় ঘুরেফিরে তাই এ প্রসঙ্গ আসছেই।
ভারতীয় দলের পরিচালক রবি শাস্ত্রীও জানেন সেটি। ফাইনালে সবুজ উইকেট পেলে কী করবেন? কাল মিরপুরে সংবাদ সম্মেলনে তাঁর সোজা সাপটা জবাব, ‘পিচ তো আর আমাদের হাতে নেই। টুর্নামেন্টের আগেই জিজ্ঞেস করা হয়েছিল, সবুজ উইকেট পেল কী করব আমরা? কাল (আজ) যে পিচেই খেলা হোক আমরা প্রস্তুত। আমাদের কাজ হলো যেকোনো পরিস্থিতিতে খেলা। কারণ, ওই পরিস্থিতিতে শুধু একদল খেলবে না, দুই দলকেই খেলতে হবে।
টুর্নামেন্টে এখনো চারটি ম্যাচেই অপরাজিত থাকার পর এ রকম হুংকার ছাড়তেই পারেন শাস্ত্রী। কিন্তু ফাইনালের আগে বাংলাদেশকে সাহস দিচ্ছে উদ্বোধনী ম্যাচটিই। সেদিনের একটি ভুলের প্রায়শ্চিত্ত দিয়েছিল বাংলাদেশ। তার পুনরাবৃত্তি না হলেই তো শিরোপা বাংলাদেশের!