সবুজ উইকেটে মেহেদী-নাসুমের স্পিন–দাপট

৫টি করে উইকেট নিয়েছেন দক্ষিণাঞ্চলের দুই স্পিনার নাসুম আহমেদ (বাঁয়ে) ও মেহেদী হাসান।প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনটা আউট ফিল্ড, কোনটা উইকেট—আলাদা করা মুশকিল। তবু রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সবুজ উইকেটে আজ সারা দিন দাপট দেখালেন জাতীয় দলের দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদী হাসান। তাতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ২৬০ রানে অলআউট করেছে বিসিবি দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চলের বাঁহাতি স্পিনার নাসুম ও অফ স্পিনার মেহেদী ভাগাভাগি করেছেন উইকেটগুলো। দুজনই পেয়েছেন ৫টি করে উইকেট।

অথচ দিনের শুরুটা পূর্বাঞ্চলের জন্য ছিল আশাজাগানিয়া। ইমরুল কায়েস ও মোহাম্মদ আশরাফুল শতরানের জুটি গড়ে প্রথম ইনিংসে বড় রানেরই আভাস দিচ্ছিলেন। ব্যক্তিগত ৪৬ রানের সময় ইমরুলকে শর্ট লেগ ফিল্ডারের ক্যাচ বানিয়ে আউট করেন নাসুম। বাঁহাতি ওপেনারকে আউট করার পর থেকে নাসুম এক প্রান্ত থেকে আক্রমণাত্মক বোলিং করে যান, যে কারণে রান দিলেও পেয়েছেন উইকেট। ৬১ রান করে আশরাফুল ফিরেছেন মেহেদীর বলে।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ঘাসে ঢাকা উইকেটে হচ্ছে খেলা।
ছবি: স্ক্রিন শট

নাসুমের সঙ্গে জুটি বেঁধে বোলিং করেন মেহেদী। মিতব্যয়ী বোলিংয়ে চাপ বাড়ানোর কাজটা করেন তিনি, যার ফলটা দ্রুতই পেয়েছে দক্ষিণাঞ্চল। দুই প্রান্ত থেকেই প্রতিযোগিতা করে উইকেট শিকার করেন দুজন। ২৫ ওভার বল করে ৯৬ রান নিয়ে ৫ উইকেট নিয়েছেন নাসুম। ৫ উইকেট নিয়ে মেহেদী হাত ঘুরিয়েছেন ৩৭.২ ওভার। শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে দক্ষিণাঞ্চল তাদের প্রথম ইনিংসে ৩ রান করেছে।

দিনের আরেক ম্যাচেও বড় রান হয়নি ব্যাটিং ব্যর্থতায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলকে ২১৯ সালে অলআউট করেছেন ওয়ালটন মধ্যাঞ্চল। উইকেটে থিতু হয়ে আউট হয়েছেন উত্তরাঞ্চলের সিংহভাগ ব্যাটসম্যান। শেষ বেলায় ব্যাট করতে নামা মধ্যাঞ্চলকে উড়ন্ত সূচনা এনে দেন ইনিংস উদ্বোধন করতে নামা মোহাম্মদ মিঠুন। কাল ভালো সূচনাটা কাজে লাগাতে চাইবে মধ্যাঞ্চল।

মধ্যাঞ্চলের হয়ে ৪৩ রান করে অপরাজিত আছেন মোহাম্মদ মিঠুন
প্রথম আলো ফাইল ছবি

উত্তরাঞ্চলকেও ভালো শুরু এনে দিয়েছিলেন দুই তরুণ তানজিদ হাসান ও পারভেজ হোসেন। কিন্তু তাদের উদ্বোধনী জুটিকে ৬২ রানের বেশি করতে দেননি পেসার রবিউল হক। ভালো করেছেন মধ্যাঞ্চলের বাকি পেসাররাও। তরুণ মুকিদুল হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরীর বোলিংয়ে উত্তরাঞ্চলের ওপরের সারির ব্যাটসম্যানদের ইনিংস লম্বা হয়নি, তিনে নামা মাহিদুল ইসলাম বাদে প্রত্যেকেই আউট হয়েছেন দুই অঙ্কের ঘরে পৌঁছে। শেষ পর্যন্ত ২১৯ রানে থেমেছে উত্তরাঞ্চলের ইনিংস। রবিউল নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট।

তবে শেষ বেলায় আলো ছড়িয়েছেন মধ্যাঞ্চলের ওপেনার মিঠুন। মাত্র ৫৪ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কায় ৪৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। আরেক উদ্বোধনী জুটিতে মিজানুর আজ দিন শুরু করবেন ১৮ রানে। মধ্যাঞ্চল দিন শেষ করেছে ৬১ রানে কোনো উইকেট না হারিয়ে।