বেসিন রিজার্ভের উইকেট বাংলাদেশের ক্রিকেটারদের কেমন লাগছে, সেটা জানার খুব শখ নিউজিল্যান্ডের সাংবাদিকদের। একই সাংবাদিক প্রথমে তাসকিন আহমেদের সংবাদ সম্মেলনে, পরে অধিনায়ক মুশফিকুর রহিমকেও খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্নটা করলেন, ‘উইকেট দেখে কি তোমরা খুব এক্সাইটেড?’
মুশফিকও পাল্টা মজা করলেন। সংবাদ সম্মেলন কক্ষের জানালা দিয়েই উইকেটের দিকে তাকিয়ে বললেন, ‘আমি তো বুঝতেই পারছি না কোথায় উইকেট আর কোথায় আউটফিল্ড। সব এতটাই সবুজ!’ এরপরই সিরিয়াস হয়ে জানালেন, ‘আমার বোলাররা উইকেট দেখে খুব খুশি। তবে এখানে কীভাবে বল করতে হয়, সেটা ওদের বুঝতে হবে। কারণ নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা এই উইকেটে খেলে অভ্যস্ত।’
নিউজিল্যান্ডে টেস্ট খেলতে আসাটা সব দলের জন্যই বিভীষিকা এখন। বাংলাদেশের আগে সর্বশেষ শিকার পাকিস্তান। আরেকটু পেছন ফিরে গেলে দেশের মাটিতে খেলা সর্বশেষ দশ টেস্টের সাতটিতেই জিতেছে কিউইরা। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে কাল থেকে শুরু দুই টেস্ট সিরিজের আগে সেটা জেনেই প্রস্তুত বাংলাদেশ। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে পাওয়া জয় আশাবাদী করছে মুশফিককে, ‘বোলিং গ্রুপ হিসেবে আপনার ২০ উইকেট নেওয়ার ক্ষমতা আছে। সেটা যখন প্রমাণ হবে তখন তো অবশ্যই সন্তুষ্টি থাকে।’ কথাটা বলে একটু থামলেন মুশফিক। তারপর মনে করিয়ে দিলেন, ‘আমাদের জন্য এই সফর এমনিতেই চ্যালেঞ্জিং, কারণ আমরা বিদেশের মাটিতে টেস্ট খেলেছি অনেক আগে। আর তারা যে উইকেট দেবে সেটা অবশ্যই সিমিং কন্ডিশন হবে।’
এমন কন্ডিশনে পেস বোলাররাই ভরসা অধিনায়কের, ‘দেশের মাটিতে স্পিনাররা অ্যাটাকিং বল করে। এখানে পেসারদের সেটা করতে হবে। আমার বিশ্বাস সৌম্যসহ আমাদের যে পাঁচজন পেস বোলার আছে তাদের যেকোনো বিশ্বমানের ব্যাটিংয়ের বিপক্ষে ২০ উইকেট নেওয়ার ক্ষমতা আছে।’ সেটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভালো জায়গায় বল ফেলা। বেসিন রিজার্ভের উইকেট দেখে তাসকিনের চোখ যতই চকচক করে উঠুক, অভ্যস্ত না হলে বলের ওপর নিয়ন্ত্রণ রাখা এখানে কঠিন।
মুশফিক ঠিক করে দিয়েছেন ব্যাটসম্যানদের দায়িত্বও, ‘ব্যাটসম্যানদের দায়িত্ব বোলারদের জন্য টেস্ট ম্যাচটাকে ঠিক করে দেওয়া। চ্যালেঞ্জ তাই বেশি থাকবে ব্যাটসম্যানদেরই।’ এত চ্যালেঞ্জ, এত প্রতিকূলতার মধ্যে সাহস জোগাচ্ছে একটা জিনিসই। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের টেস্ট জয়, ‘ইংল্যান্ডের সঙ্গে টেস্ট জয় অনেক বড় ব্যাপার। গত প্রায় দুই বছর নিজেদের মাঠে অনেক ভালো খেলেছি। এখন লক্ষ্য বিদেশের মাটিতেও ভালো খেলা, প্রমাণ করা। তামিমের এখানে রান আছে; সাকিব-রিয়াদ ভাই এক শ করেছে। ভালো স্মৃতি, সেটা এখন সবাই মিলে প্রমাণ করবে।’
বেসিন রিজার্ভে এখন পর্যন্ত টেস্ট হয়েছে ৫৮টি, এর মধ্যে বাংলাদেশ খেলেছে দুটো। দুটোতেই ইনিংস হারের লজ্জায় পড়েছে দল। ড্রেসিংরুমের ওপরের তলায় ঝোলানো ৫৮টি টেস্টের তালিকার মধ্যে সহজেই চোখ আটকে যায় বাংলাদেশের দুই টেস্টের ওপর। এ মাঠের ৩৮তম টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৭৪ রানের ব্যবধানে। ৪৭তম টেস্টের পরাজয়টা তো আরও লজ্জার—ব্যবধান ইনিংস ও ১৩৭ রান।
ওয়ানডে সিরিজ থেকে চোটাক্রান্ত মুশফিক প্রথম টেস্ট দিয়েই ফিরবেন দলে। তাঁর ভাষায়, ‘আল্লাহর রহমতে ভালো। এখন পর্যন্ত মনে হচ্ছে টেস্ট ম্যাচ খেলার জন্য আমি ফিট। তবে এক শ ভাগ বলা যাবে না। কারণ হ্যামস্ট্রিংয়ের চোট আবার ফিরে আসে।’
সংবাদ সম্মেলন কক্ষে এসে বাংলাদেশের সাংবাদিকদের দেখেই হেসে উঠে বলেছিলেন মুশফিক, ‘একেবারে বাড়ির মতো লাগছে। এখানে সবাই তো দেখি দেশের!’ তবে সংবাদ সম্মেলন কক্ষকে বাড়ির মতো লাগার চেয়ে মাঠটাই হতে হবে বেশি আপন। ওয়েলিংটনে বাতাসের বিরাট অত্যাচার। শক্ত সামর্থ্য মানুষও অনেক সময় সে বাতাসে নুয়ে পড়ে।
প্রথম টেস্টের ‘চমক’ বলতে পারেন তাসকিনকে। অন্তত মুশফিক তো দারুণ আশাবাদী এই তরুণ পেসারের টেস্ট অভিষেক নিয়ে, ‘আমি মনে করি ওর জন্য এটাই টেস্ট খেলার সেরা সময়। অধিনায়ক হিসেবে ফিটনেস ধরে রাখা।’ তবে চোটের কারণে আরেক পেসার মোস্তাফিজুর রহমান স্কোয়াডে নেই। তাঁকে মিস করার কথাও বললেন মুশফিক।
করারই কথা!