সবুজ পিচে প্রোটিয়াদের সামনে শ্রীলঙ্কা

পোর্ট এলিজাবেথে আজ কে ফেবারিট?
দক্ষিণ আফ্রিকার মাঠে দুর্বল শ্রীলঙ্কার বিপক্ষে কে ফেবারিট—এটা কোনো প্রশ্ন হলো! তবু প্রশ্নটা করতে হয়, কারণ যেকোনো সিরিজের আগে এমন কিছু জিজ্ঞেস করাটাই নিয়ম, আর দ্বিতীয় কথা মাঠের নাম যে পোর্ট এলিজাবেথ!
সেন্ট জর্জেস পার্কের উইকেট ঠিক প্রথাগত দক্ষিণ আফ্রিকান উইকেট নয়। সেঞ্চুরিয়ন, কেপটাউনের মতো পেস আর বাউন্সে নাভিশ্বাস বের হয় না পোর্ট এলিজাবেথে। আর এ মাঠে প্রোটিয়া দলের অতীত পারফরম্যান্সও আহামরি নয়। এখানে ১৪ টেস্ট খেলে মাত্র ছয়টি ম্যাচে জয় তাদের। ম্যাচটা বক্সিং ডে টেস্ট (২৬ ডিসেম্বর শুরু হওয়া টেস্ট) হওয়ায়ও চিন্তাটা বেশি স্বাগতিক দলের। ঘরের মাঠের ২০টি বক্সিং ডে টেস্টে মাত্র ৭টি জয়, পরাজয়ও ৭টি। আর পোর্ট এলিজাবেথে প্রোটিয়াদের বক্সিং ডে টেস্ট জয়ের সর্বশেষ স্মৃতিতেও ধুলোর আস্তরণ পড়েছে। সেই কবে, ১৯৯২ সালে একবার ভারতকে হারিয়েছিল তারা।
একটু নিষ্প্রাণ উইকেটের কারণেই এ মাঠে সাফল্যটা ধরা দিতে চায় না স্বাগতিক দলের কাছে। অধিনায়ক ফাফ ডু প্লেসি অবশ্য গল্পটা এবার বদলে ফেলতে চান। পিচের চরিত্র বদলেই সেটি শুরু হচ্ছে, ‘উইকেটে স্বাভাবিকের চেয়ে একটু বেশি ঘাস আছে। ওদের সবচেয়ে ভয়ংকর খেলোয়াড় যাতে নিষ্ক্রিয় থাকে, সেটা নিশ্চিত করছি।’
এই ভয়ংকর খেলোয়াড়টির নাম রঙ্গনা হেরাথ। দক্ষিণ আফ্রিকার মাটিতে দশ ম্যাচ খেলে শ্রীলঙ্কার একমাত্র জয়টি এসেছিল হেরাথের হাত ধরেই। ডারবানে ২০১১ সালের সেই বক্সিং ডে টেস্টে হেরাথের ৯ উইকেট নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকার ২০৮ রানের হার। হেরাথ অবশ্য দলের তরুণ পেসারদের ওপর আস্থা রাখছেন, ‘সুরাঙ্গা (লাকমল) আর নুয়ান (প্রদীপ) খুব ভালো বল করছে। চামিরা চোট থেকে ফিরেছে। লাহিরু কুমারাও বাড়তি পেস আনতে পারবে।’ ডু প্লেসিও শ্রীলঙ্কার তরুণ দলটিকে নিয়ে সাবধানী, ‘মাঝেমধ্যে তরুণেরা অভিজ্ঞদের চেয়েও বড় হুমকি হয়ে উঠতে পারে, কারণ তারা ভিন্ন কিছু আনে।’
চোটের কারণে দুজন অভিজ্ঞ খেলোয়াড়কে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকাও। এবি ডি ভিলিয়ার্স ও ২০১৬ সালের আইসিসির টেস্ট দলে জায়গা পাওয়া ডেল স্টেইন এ সিরিজেও নেই। তবে ডু প্লেসির বিশ্বাস, স্টেইন-বিহীন পেস আক্রমণও জিতিয়ে আনবে ম্যাচটি, ‘উইকেটটা একটু শুকনো আর শ্রীলঙ্কার খেলা অস্ট্রেলিয়ার চেয়ে ভিন্ন। ওদের খুব ভালো স্পিনার আছে, যাদের জন্য আমাদের প্রস্তুতি নিতে হয়েছে। তবে পিচে যা থাকবে, সেটা পেসারদের জন্য যথেষ্ট হওয়া উচিত।’ ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা ও কাইল অ্যাবট গতি ও বাউন্সে অস্ট্রেলিয়ার মাটিতে ভড়কে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথদের। আর এ তো ফিল্যান্ডারদের নিজেদেরই মাঠ! এএফপি, ক্রিকইনফো।