বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির পর মাঠ পরিচর্যায় ব্যস্ত মাঠ কর্মীরা। ছবি: টুইটার
বৃষ্টির পর মাঠ পরিচর্যায় ব্যস্ত মাঠ কর্মীরা। ছবি: টুইটার

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে চির পরিচিত নিউজিল্যান্ডের পিচ দেখতে পাওয়া যায়নি। টেস্ট সিরিজে আর সে কথা বোলার সুযোগ থাকল না। সিরিজের প্রথম ম্যাচে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ঘন সবুজ পিচেই খেলতে নেমেছে বাংলাদেশ। বৃষ্টি বিরতির আগে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৩৯।

বৃষ্টির সমূহ সম্ভাবনা, তীব্র বাতাস, ঘন সবুজ পিচ—টসে জিতে বোলিং নেওয়ার কথা দুবার ভাবতে হয়নি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তবে ইমরুল কায়েসের ‘আত্মাহুতি’র সঙ্গে উইকেট বা কন্ডিশনের কোনো সম্পর্ক ছিল না। লেগ স্টাম্পে পিচ করা একটা উঠতি বলে অযথা শট খেলতে গেলেন। বলটা গেল লং লেগে দাঁড়ানো ট্রেন্ট বোল্টের কাছে। ইনিংসের ২২তম বলে ইমরুলের অমন বোকামির সময় বাংলাদেশের রান মাত্র ১৬, ইমরুলের রান ১।
এরপরও তামিম ইকবাল স্বভাবমতো আক্রমণাত্মক খেলা চালিয়ে গেছেন। এরই মাঝে তাঁকে আউট করার জন্য নিউজিল্যান্ড একটি রিভিউ নষ্ট করে ফেলেছে। একটু পরেই বৃষ্টি নামায় আপাতত খেলা হচ্ছে না।
এর আগে আজ অভিষেক হয়েছে দুই পেসার তাসকিন আহমেদ ও শুভাশিস রায়ের। বেসিন রিজার্ভের পেস বান্ধব উইকেটে তিন পেসার নিয়ে নামছে বাংলাদেশ। দলের অন্য পেসার কামরুল ইসলামেরও এটা ক্যারিয়ারের তৃতীয় টেস্ট! তিন পেসারকে জায়গা করে দিতে সুযোগ পাননি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে তিন পেসারের পরীক্ষা পরে, সবুজ পিচে বড় পরীক্ষাটা বাংলাদেশের ব্যাটসম্যানদের দিতে হবে আগে। ওয়েলিংটনে এর আগে খেলা দুই টেস্টের চার ইনিংসে কখনো দেড় শ পার করতে পারেনি বাংলাদেশ!
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, কামরুল ইসলাম