সবুজ ‘বাউন্স’ নিয়ে ভারতের অপেক্ষায় অস্ট্রেলিয়া

সিডনি টেস্টে রোহিত শর্মার খেলার সম্ভাবনা বেশি। নেট অনুশীলনের ফাঁকে সিডনির উইকেট দেখছেন তিনিছবি: টিওআই টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজে কে জিতবে না, সেটি হয়তো নির্ধারণ করে দেবে এই টেস্ট। চার টেস্টের সিরিজ দুই টেস্ট শেষে ১-১ সমতায়। আগামীকাল শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে যে দল হারবে, তাদের পক্ষে এই সিরিজ জেতা আর সম্ভব হবে না। বড়জোর চতুর্থ টেস্ট জিতে ড্র করতে পারবে।

এমন টেস্টে অস্ট্রেলিয়া আর ভারত যে নিজেদের সম্ভাব্য সব অস্ত্র নিয়েই নামবে, তা সহজেই অনুমেয়। ভারত এই টেস্টের জন্য দলে ফেরাচ্ছে রোহিত শর্মাকে আর অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নারকে ফেরাতে যাচ্ছে বলে খবর অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসির।

স্বাগতিক হওয়ায় সিডনি টেস্টে আরেকটা সুবিধাও নিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সবুজ শক্ত উইকেট বানিয়েছে ভারতের জন্য। টেস্ট শুরুর আগে আজই প্রথম দেখা গেছে পিচের অবস্থা। তবে আবহাওয়ার কারণেই পিচ এমন হয়েছে বলে জানিয়েছেন সিডনির পিচ কিউরেটর অ্যাডাম লুইস।

প্রথম দেখায় আজ পিচটাকে অনেকটা আগের দুই টেস্টের পিচের মতোই মনে হয়েছে। তবে পিচ কিউরেটর জানিয়েছেন, শক্ত হওয়ায় এ পিচে পেসাররা বাড়তি বাউন্স পাবেন।

‘এখানে মূল ব্যাপারটা হচ্ছে একেক বছর আবহাওয়া এত ভিন্ন থাকে! সে কারণে আমরা চেষ্টা করি ওদের (দুই দলকে) যথেষ্ট পরিমাণ ঘাসে ঢাকা একটা শক্ত পিচ দিতে’, বলেছেন লুইস।

আবহাওয়ার ভিন্নতা কেমন থাকে, সেটি বোঝাতে লুইস বললেন, ‘তিন বছর আগে ইংল্যান্ড এখানে এসেছিল। তখন দিনে প্রায় ৪০-এর কাছাকাছি তাপমাত্রা থাকত সঙ্গে গরম বাতাস, যা এ বছরের চেয়ে পুরোপুরি ভিন্ন। এ বছর অনেক আর্দ্রতা ছিল, বৃষ্টি হয়েছে, (পিচ) ঢাকা ছিল।’

পিচে রোদ তেমন পান-ই-নি জানিয়ে লুইসের আশ্বাস, ‘উইকেটে গ্রীষ্মের সূর্যের আলো প্রথম পড়েছে মাত্র দিন তিনেক আগে। পরিস্থিতি যেমন ছিল, তাতে সবচেয়ে ভালো উইকেটটাই দেওয়ার চেষ্টা করেছি।’

ভারতকে কিছুটা শঙ্কায় ফেলবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) গত বছর এই সময়ে অস্ট্রেলিয়ার টেস্টের তথ্য। নিউজিল্যান্ডকে এখানে ২৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

অবশ্য সবুজ শক্ত উইকেট দেখে ভারতেরও কিছু বলার থাকতে পারে। এই সিরিজে এখন পর্যন্ত চার ইনিংসে মাত্র একবারই যে অস্ট্রেলিয়ার রান ২০০ পেরোতে দিয়েছেন বুমরা-অশ্বিনরা।

উইকেট এক পাশে রাখলে দুই দলেও বদল আসতে যাচ্ছে। রোহিতকে ফেরাচ্ছে ভারত, মায়াঙ্ক আগারওয়ালকে বাদ দিয়ে তাঁকেই ওপেনিংয়ে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে।

রোহিত থাকছেন সহ-অধিনায়ক। ভারতীয় দলে আরেকটি বদল, মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তৃতীয় দিনে চোট পাওয়া ফাস্ট বোলার উমেশ যাদবের জায়গায় নেওয়া হয়েছে নবদীপ সাইনিকে।

অস্ট্রেলিয়া ওয়ার্নারকে ফেরাতে পারে। ওয়ার্নারের খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নে গতকাল অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, ‘সম্ভাবনা অনেক অনেক অনেক বেশি।’

খেললে জো বার্নসের বদলে ওপেনিংয়ে ফিরবেন ওয়ার্নার। তাঁর সঙ্গী হিসেবে এই টেস্টেও ‘ভূমিকা বদলে ওপেনার বনে যাওয়া’ ম্যাথু ওয়েডকেই রাখা হবে, নাকি তরুণ উইল পুকোভস্কিকে খেলানো হবে, তা নিয়ে হিসেব-নিকেশ চলছে অস্ট্রেলিয়া দলে।

পুকোভস্কি খেললে তাঁকে ওপেনিংয়েই খেলানো হতে পারে, সে ক্ষেত্রে ওয়েড ফিরে যাবেন তাঁর আসল জায়গা মিডল অর্ডারে। বাদ পড়তে পারেন ট্রাভিস হেড।