সবুজে ভয় নেই ধোনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়ক হিসেবে অভিষেকের আগে গ্যাবার ড্রেসিংরুমে বিশেষ ছবি তোলা হলো স্টিভ স্মিথের  l ক্রিকইনফো
অধিনায়ক হিসেবে অভিষেকের আগে গ্যাবার ড্রেসিংরুমে বিশেষ ছবি তোলা হলো স্টিভ স্মিথের l ক্রিকইনফো

একদিকে স্টিভেন স্মিথ। মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে যিনি অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পেয়ে বলছেন, ‘নেতৃত্ব বদলাচ্ছে, কিন্তু অস্ট্রেলিয়ার খেলার ধরন বদলাবে না। অস্ট্রেলিয়া তার চিরাচরিত ক্রিকেটটাই খেলবে, আর সেটা হচ্ছে আক্রমণাত্মক ক্রিকেট।’
অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি। চোট কাটিয়ে দলে ফিরে বিরাট কোহলির কাছ থেকে অধিনায়কত্ব বুঝে নেওয়ার পর যাঁকে শুনতে হচ্ছে, কোহলির নেতৃত্বে কী লড়াকু ক্রিকেট খেলেছে ভারত! ধোনি এসে আবার সেটা বদলে দেবে না তো!
এর সঙ্গে গ্যাবার সবুজ পিচের চোখ রাঙানি, ব্রিসবেনের দুর্গে অস্ট্রেলিয়ার দুর্দান্ত রেকর্ড—সব মিলিয়ে বেশ বড় চ্যালেঞ্জের মুখোমুখিই ধোনি। কিছুটা কি দুশ্চিন্তায় ভারত অধিনায়ক? ভেতরে ভেতরে যদি সে রকম কিছু থেকেও থাকে, সেটা বাইরে কাউকে বুঝতেই দিলেন না ‘এমএস’। গ্যাবায় এর আগে ৫ টেস্ট খেলে একটিও জিততে পারেনি ভারত। কাল সংবাদ সম্মেলনে এই তথ্য মনে করিয়ে দিয়ে সবুজ উইকেট দেখে দুশ্চিন্তায় কি না, জিজ্ঞেস করতেই পরিষ্কার বলে দিলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে আমরা এখানে কখনো জিততে পারিনি। কিন্তু বিদেশের মাঠে আমরা এ রকম উইকেটে টেস্ট জিতেছি। এখানে নয়, কিন্তু জোহানেসবার্গ, ডারবান বা পার্থে তো জিতেছি।’ দুশ্চিন্তায় নেই দাবি করে ব্যাখ্যা করলেন কারণটাও, ‘ফাস্ট বোলারদের উইকেটেই বরং আমরা ভালো খেলি, কারণ তখন আমাদের বোলারদেরও প্রতিপক্ষকে অলআউট করার সুযোগ বেড়ে যায়।’
অ্যাডিলেডে হারলেও কোহলির নিজের পারফরম্যান্স এবং আগ্রাসী নেতৃত্ব প্রশংসিত হয়েছে ভারতে। অধিনায়ক হিসেবে এটা কি কোনো বাড়তি চাপ তৈরি করেছে তাঁর ওপর? সরাসরি নয়, ধোনি এই প্রশ্নটার জবাব দিলেন একটু ঘুরিয়ে, ‘ওর (কোহলি) চরিত্রটাই আক্রমণাত্মক। আমার চেয়ে একটু আলাদাও। কিন্তু সব অধিনায়ক একই রকম হবে, আপনি এটাও আশা করতে পারেন না। তাহলে তো প্রত্যেকের মধ্যে যে আলাদা চরিত্র থাকে, সেটা খুঁজে পাবেন না।’
প্রতিপক্ষ অধিনায়ক স্টিভেন স্মিথকে অবশ্য এসব নিয়ে ভাবতে হচ্ছে না। অ্যাডিলেডে দুর্দান্ত জয়ে তাঁর দলের আত্মবিশ্বাস তুঙ্গে। এর সঙ্গে আছে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য রেকর্ড—এ মাঠে গত ২৪ টেস্টে হার নেই, জয় ১৮টিতে। গত ২৫ বছরে আর কোনো মাঠ কোনো দলের এমন দাপটের সাক্ষী হয়ে নেই। অধিনায়কত্বের অভিষেকটা এখানে হচ্ছে বলে খুশি হওয়ারই কথা স্টিভ স্মিথের। খুশি অন্য কারণেও, ‘সংযুক্ত আরব আমিরাতে দুটি টেস্ট আর অ্যাডিলেডের পর অবশেষে আমাদের ফাস্ট বোলাররা তাদের পছন্দের উইকেট পেয়ে রোমাঞ্চিত।’
গ্যাবা আসলেই পেসারদের প্রিয় রঙ্গমঞ্চ। এ মাঠে সর্বোচ্চ উইকেট শিকারি ২০ অস্ট্রেলিয়ান বোলারের ১৮ জনই পেসার। সর্বোচ্চ উইকেট পাওয়া ১০ বিদেশি বোলারের ৯ জনও তা-ই! রায়ান হ্যারিসের চোট আর পিটার সিডলের বাজে ফর্মের কারণে বদলি হিসেবে জশ হ্যাজেলউড আর মিচেল স্টার্ককে দলে ডাকতে তাই একটুও ভাবতে হয়নি অস্ট্রেলিয়ার নির্বাচকদের। এই দুজনের সঙ্গে মাইকেল ক্লার্কের বদলি হিসেবে খেলতে পারেন শন মার্শও। ভাই মিচেল মার্শ তো আছেনই। দুজন একসঙ্গে খেললে স্টিভ ওয়াহ ও মার্ক ওয়াহকে মনে পড়বেই সবার। সাদা পোশাকে অস্ট্রেলিয়ার হয়ে দুই ভাইয়ের একসঙ্গে খেলার সর্বশেষ উদাহরণটি যে তাঁদেরই গড়া। ক্রিকইনফো, এএফপি।

ব্রিসবেনে অস্ট্রেলিয়া
ব্রিসবেনে অস্ট্রেলিয়া