সভাপতির জন্য অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগ শুরুর আগে মনে হচ্ছিল, এবার ‘চাকার’ ধরাকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে বিসিবি। অথচ লিগের প্রথম রাউন্ড শেষ হয়ে গেলেও এখনো বোলিং অ্যাকশন রিভিউ কমিটিই গঠন করা হয়নি!
আইসিসির সভায় যোগ দিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আছেন দুবাইয়ে। বিসিবির ক্রিকেট পরিচালনা-প্রধান আকরাম খান কাল বললেন, ‘রিভিউ কমিটির কাঠামো মোটামুটি ঠিকঠাক হয়ে গেলেও চূড়ান্ত সিদ্ধান্তটা বোর্ড সভাপতির সঙ্গে বসে নেওয়া হবে। তিনি দেশে ফিরলেই কমিটি গঠন হয়ে যাবে।’ সাবেক খেলোয়াড়, কোচ, আম্পায়ার, কম্পিউটার বিশ্লেষক ও বিসিবি পরিচালকদের প্রতিনিধি নিয়ে কমিটির সম্ভাব্য সদস্যসংখ্যা আট-নয়জন বলে জানিয়েছেন আকরাম।
অবশ্য রিভিউ কমিটি গঠন না হলেও প্রিমিয়ার লিগে ত্রুটিপূর্ণ অ্যাকশন ধরার কাজ শুরু করে দিয়েছেন আম্পায়াররা। কাল তিন ভেন্যুর কোথাও কোনো বোলার ‘রিপোর্টেড’ না হলেও গত শুক্রবার লিগের প্রথম দিনেই সন্দেহের তিরবিদ্ধ হয়েছেন চার বোলার। এর মধ্যে আছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বাঁহাতি স্পিনার মঈনুল ইসলাম ও অফ স্পিনার মুস্তাফিজুর রহমান, প্রাইম দোলেশ্বরের বাঁহাতি স্পিনার রেজাউল করিম ও আবাহনীর বাঁহাতি স্পিনার অমিত কুমার।
আম্পায়ারদের চোখে অ্যাকশন সন্দেহজনক মনে হলেও লিগ খেলায় বাধা নেই তাদের। তবে রিভিউ কমিটির পর্যবেক্ষণে সন্দেহ সত্যি প্রমাণ হলে পরবর্তী সময়ে আর কোনো আসরে খেলার আগে অ্যাকশন ত্রুটিমুক্ত করতে হবে তাদের। ‘ত্রুটিপূর্ণ অ্যাকশনের বোলারদের নিয়ে প্রিমিয়ার লিগ শেষে কাজ শুরু হবে। যারা অ্যাকশন শোধরাতে পারবে, তারাই কেবল পরবর্তী সময়ে খেলার সুযোগ পাবে’—বলেছেন বিসিবি পরিচালক আকরাম।