সময় আর বাস্তবতা নাকি সবকিছুকেই স্বাভাবিক করে দেয়। কোথায়? আগের দিনের ক্ষোভের আগুন গোটা বাংলাদেশে কাল জ্বলল আরও তীব্রতায়। ভারতের বিপক্ষে বাংলাদেশের হারে আম্পায়ারদের ভুল নিয়ে কালও প্রতিবাদে সোচ্চার ছিল গোটা দেশ। হয়েছে মিছিল, মানববন্ধন। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে অফিস কিংবা ব্যবসাকেন্দ্র—সব জায়গায় একই আলোচনা। ক্ষোভের আগুন সবচেয়ে বেশি ছড়িয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ম্যাচের বিতর্কিত ওই সব মুহূর্তের ছবি, বিশ্বজুড়ে ক্রিকেট বিশেষজ্ঞদের মতামত—এসব নিয়ে কালও উত্তপ্ত ছিল অন্তর্জালের জগৎ। সেমিফাইনাল স্বপ্ন হাতছাড়া হওয়ার হতাশা
ছাপিয়ে অন্যায়ের শিকার হওয়ার ক্ষোভটাই বেশি।
এই আগুনে আরও বাড়তি হাওয়া দিয়েছে কালকের আরেকটি খবর। বাংলাদেশ-ভারত ম্যাচের আম্পায়ারিং নিয়ে মন্তব্য করায় আ হ ম মুস্তফা কামালকে পরোক্ষে শাসিয়েই দিয়েছে আইসিসি। পরশু রাতে মুস্তফা কামাল যখন আম্পায়ারিংয়ের ব্যাপারটি খতিয়ে দেখার কথা বলেছিলেন, ‘একটা কিছু’ হতে পারে ভেবে আশান্বিত ছিলেন বাংলাদেশের অনেকেই। আইসিসির সভাপতি বলে কথা! ম্যাচের ফল তো আর বদলানো যাবে না। কিন্তু কোনো একটা পদক্ষেপ নেওয়া হলে হয়তো মিলত একটু সান্ত্বনা। কিন্তু সভাপতির বক্তব্যেই উল্টো ক্ষুব্ধ আইসিসি। প্রধান নির্বাহী (সিইও) ডেভ রিচার্ডসন মুস্তফা কামালের বক্তব্যকে বলেছেন ‘দুর্ভাগ্যজনক’। রুবেল হোসেনের ‘নো বল’ সিদ্ধান্তটিকে বলেছেন ৫০-৫০। আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত—ক্রিকেটের এই মৌলিক ব্যাপারটিও মনে করিয়ে দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী।
পরশু ম্যাচ শেষে মুস্তফা কামাল বলেছিলেন, ‘আইসিসির সভাপতি হিসেবে নয়, একজন দর্শক হিসেবে বলছি, আমার কাছে মনে হয়েছে এই ম্যাচে খুবই বাজে আম্পায়ারিং হয়েছে। অনেক সিদ্ধান্তই ভুলভাবে বাংলাদেশের বিপক্ষে গেছে। খুব বাজে ছিল আম্পায়ারিং। এর পেছনে যদি অন্য রকম কিছু থাকে, আইসিসিকে তদন্ত করে দেখতে হবে।’ আম্পায়াররা কোনো ‘এজেন্ডা’ নিয়ে মাঠে নেমেছিলেন, এমন ইঙ্গিতও দিয়েছিলেন মুস্তফা কামাল।
কাল এক বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী রিচার্ডসন বলেছেন, ‘মি. কামালের মন্তব্য আইসিসির নজরে এসেছে। এমন মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক, যদিও এটি একান্তই তাঁর ব্যক্তিগত মত। আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তাঁর মন্তব্য সুবিবেচিত হওয়া উচিত। ম্যাচ অফিশিয়ালদের সততা প্রশ্নবিদ্ধ হতে পারে না।’ এদিকে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া গতকাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব অনুরাগ ঠাকুরকে উদ্ধৃত করে জানিয়েছে, আইসিসির সভাপতি অনেকগুলো বিষয় উত্থাপন করেছেন, যেগুলো তিনি আইসিসির বৈঠকে তুলতে পারতেন বলে তিনি মনে করেন।
আম্পায়ারদের তিনটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা বাংলাদেশ। তবে মূল ক্ষোভ, রুবেল হোসেনের বৈধ বলকে ‘নো’ ডাকায় ক্যাচ হয়েও রোহিত শর্মার বেঁচে যাওয়া। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে, বলটি ‘নো’ ছিল না। বিশ্বজুড়ে ক্রিকেট বিশেষজ্ঞরাও একমত। মাইকেল হোল্ডিং, মার্টিন ক্রো, ভারতেরই ভি ভি এস লক্ষ্মণ থেকে শুরু করে অজিত আগারকার, ম্যাচের ওই সময় ধারাভাষ্যে থাকা শেন ওয়ার্নরাও বলেছেন, ‘নো’ ছিল না। প্রথম আলোয় লেখা কলামে কাল একই কথা বলেছেন কিউই কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলিও। তবে আইসিসির প্রধান নির্বাহী একমত হতে পারছেন না! ‘ওই নো বলের সিদ্ধান্তটি ছিল ৫০-৫০ সম্ভাবনার। ক্রিকেটীয় চেতনা বলে, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত আর সেটিকে সবার সম্মান জানানো উচিত। ম্যাচ অফিশিয়ালরা কোনো এজেন্ডা বা এ রকম কিছু নিয়ে মাঠে নেমেছিলেন, এমন ধারণা পুরোপুরি ভিত্তিহীন।’
অথচ শিখর ধাওয়ানের ক্যাচ বা সুরেশ রায়নার এলবিডব্লু হয়তো ৫০-৫০ বলা যায়, কিন্তু রুবেলের বলটি যে নো ছিল না, এটি খালি চোখেই ধরা পড়েছে। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রাখা অবশ্যই ক্রিকেটের মৌলিক বিষয়। কিন্তু কোনো ভুল হয়ে গেলে, সেটা পরোক্ষে স্বীকার করাতেও তো দোষের কিছু নেই! আইসিসির প্রধান নির্বাহী ভুলের পক্ষে সাফাই গাইলে যন্ত্রণাটা যেন বেড়ে যায় আরও। অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স মিডিয়ার তো খবর, মুস্তফা কামালের মন্তব্যের জন্য নাকি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও আলোচনা করছিলেন দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ড!
সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেলেও আবেগ আর ক্ষোভের স্রোত যেন সহজে থামছে না। সময়ের সঙ্গে আস্তে আস্তে এই প্রবাহে ভাটার টান হয়তো আসবে, তবে নদীবক্ষে জেগে ওঠা চরের মতোই এই ক্ষতটা থেকে যাবে বাংলাদেশের ক্রিকেটামোদীদের মনের গভীরে।