সমঝোতায় রাজি নয় সিএ
চ্যাম্পিয়নস ট্রফি শেষে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মাঠের বাইরে বড় ঝামেলায়ই পড়তে হবে। তাদের বেতনই যে বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। বেতন-ভাতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে ওয়ার্নার-স্মিথদের ঝামেলা চলছে অনেক দিন ধরেই। বোর্ড প্রস্তাবিত নতুন চুক্তিতে ৩০ জুনের মধ্যে স্বাক্ষর না করলে তাঁদের চুক্তিই বাতিল হয়ে যাবে। কিন্তু ক্রিকেটারদের সংগঠন এসিএ তাদের অবস্থানে অনড়। নতুন খবর, এসিএর সমঝোতা প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে অস্ট্রেলীয় বোর্ড।
শুক্রবার এসিএ-প্রধান গ্রেগ ডায়ার সমঝোতার প্রস্তাব দিয়ে চিঠি লেখেন বোর্ডকে। সেটির জবাবে সিএর চেয়ারম্যান ডেভিড পিভার লিখেছেন, ‘(এসিএর) প্রস্তাব হতাশাজনক, কারণ বোর্ডের প্রস্তাবে খেলোয়াড়দের বেতন বাড়ানোর পাশাপাশি আগামী পাঁচ বছরে তৃণমূল ক্রিকেটে তহবিল বরাদ্দের বিষয়টিও দেখা হচ্ছে।’
তৃণমূল ক্রিকেটে বরাদ্দ আরও বাড়ানোর জন্য ১৯৯৭ সাল থেকে চলে আসা নীতিতে বদল আনতে চাইছে বোর্ড। নতুন প্রস্তাবে ক্রিকেটারদের বেতন ৩৫ শতাংশ বাড়বে, কিন্তু ঝামেলা হচ্ছে রাজস্বের অংশ নিয়ে। বোর্ডের প্রস্তাব, শুধু আন্তর্জাতিক ক্রিকেটাররাই বাড়তি রাজস্বের ভাগ পাবেন, ঘরোয়া ক্রিকেটাররা পাবেন নির্দিষ্ট অঙ্ক। কিন্তু স্মিথ-ওয়ার্নাররা ঘরোয়া লিগের ক্রিকেটারদের জন্যও লড়ে যাচ্ছেন। ক্রিকবাজ।