সমতা আনতে পারবেন রুমানারা?
টানা হারে যেন হাঁপিয়ে উঠেছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া জয়টা ভীষণ স্বস্তিই দিয়েছে রুমানা-খাদিজাদের। কাল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে তাই প্রাণ খুলে হাসতে পারলেন তাঁরা।
যদিও ডেভিড ক্যাপেল এখনই স্বস্তি পাচ্ছেন না। তাঁর লক্ষ্য আরও বড়। তবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের কোচকে তৃপ্তি দিচ্ছে দলের ক্রমোন্নতি, ‘খুব বেশি স্বস্তি হচ্ছে না। আমি মনে করি, আমরা উন্নতি করছি। দীর্ঘ দিন পর ৫০ ওভারের ক্রিকেট খেলতে নেমেছিলাম সিরিজের প্রথম ম্যাচে। ওই ম্যাচ হারলেও সেটি থেকে শিক্ষা নিয়ে আমরা দ্বিতীয় ম্যাচে আরও ভালো করেছি, যেটি আমাদের আত্মবিশ্বাসী করেছে পরেরটি জিততে।’
স্কোয়াডের চার খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল কাল। বাকি ১২ জনকে নিয়ে কোচ আগের নিয়মেই, অর্থাৎ ম্যাচের আবহ তৈরি করে ঘণ্টা দুয়েক অনুশীলন করিয়েছেন। অনুশীলন শেষে ক্যাপেল আলাদা সময় দিলেন সানজিদা ইসলামকে। গত ম্যাচে স্নায়ুক্ষয়ী মুহূর্তে বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়ানো ডেন ফন নিকার্কের ক্যাচ ফসকেছিলেন সানজিদা। আজ যেন একই ভুল না হয়, তার কিছু উপায় বাতলে দিলেন কোচ।
পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসা গেছে। এখন প্রশ্ন, সিরিজে সমতা আনতে পারবে বাংলাদেশ? আজ হারলেই সব শেষ, পঞ্চম ম্যাচটি হবে শুধুই আনুষ্ঠানিকতা। ক্যাপেল আশাবাদী, ‘সিরিজ ২-২ করা অবশ্যই সম্ভব। সামর্থ্যের সর্বোচ্চটা দিয়েই আমরা চেষ্টা করব। জানি, দক্ষিণ আফ্রিকা আরও ভালোভাবে ঘুরে দাঁড়াতে চাইবে। কালকের (পরশু) হারটা নিশ্চয়ই তাদের পোড়াচ্ছে। তবে আমরাও আরও ভালো খেলার চেষ্টা করব।’
সিরিজের প্রথম দুই ওয়ানডের তুলনায় তৃতীয় ম্যাচের উইকেট ছিল অনেক বেশি টার্নিং ও মন্থর। আজও উইকেটের চরিত্র একই থাকার ইঙ্গিত মিলেছে। বিষয়টি যে দক্ষিণ আফ্রিকাকে ভাবাচ্ছে, সেটি বোঝা গেল কাল তাদের অনুশীলনে। প্রোটিয়া কোচ-অধিনায়ক মাঠে এসেই হন্তদন্ত হয়ে ছুটলেন উইকেট দেখতে। এই দৃশ্য দেখা যায়নি গত দুটি ম্যাচের আগে।
তবে বাংলাদেশ যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, প্রোটিয়া অধিনায়ক ড্যান ফন নিকার্ক সেটি উতরে যেতে প্রস্তুত, ‘জানি, আরেকটা কঠিন দিন আমাদের জন্য অপেক্ষা করছে। তবে আমরা চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। কন্ডিশন কাজে লাগিয়ে গত ম্যাচে কুবরা (খাদিজাতুল) অসাধারণ বোলিং করেছে। আমাদের ব্যাটাররা ফুটেজ দেখে ওকে সামলানোর পরিকল্পনা করবে।’