সিরিজের আগের তিন ম্যাচে একটা মিল ছিল চোখে পড়ার মতো। যে দলই আগে ব্যাট করেছে, জিতেছে তারাই। এই ধারাবাহিকতার বাইরে এসে কাল ম্যাচ জিতল ইংল্যান্ড। হেডিংলিতে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৯৯ করেছিল অস্ট্রেলিয়া। রান তাড়া করতে এসে ইংল্যান্ড ১০ বল হাতে রেখেই ৭ উইকেটে তুলে ফেলে জয়ের প্রয়োজনীয় রান। ৩ উইকেটের জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪ ম্যাচ শেষে ২-২-এ সমতায় ফিরল স্বাগতিকেরা।
আগের তিন ম্যাচের চেয়ে এই ম্যাচে আরও একটা জায়গায় অমিল। প্রতি ম্যাচেই আগে ব্যাট করা দল কমপক্ষে ৩০০ রান করেছিল। কিন্তু কাল তা করতে ব্যর্থ অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে এসে ৩০ রানে বার্নস (২), স্মিথ (৫) ও ফিঞ্চকে (১৫) হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। সফরকারীদের জন্য মূর্তিমান আতঙ্ক হিসেবে আবির্ভূত হন ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে খেলতে নামা ডেভিড উইলি। তিনটিই উইকেট নেন তিনি। তবে চতুর্থ উইকেটে গ্লেন ম্যাক্সওয়েল-জর্জ বেইলির ১৩৭ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামলে বড় রানের দিকে নিয়ে যায় অস্ট্রেলিয়াকে। মঈনের বলে বোল্ড হওয়ার আগে ১০টি চার ও দুটি ছয়ে ৬৪ বলে ৮৫ রান করেছেন ম্যাক্সওয়েল। ১১০ বলে ৭৫ করেন বেইলি। অস্ট্রেলিয়ার তিন শ ছুঁই ছুঁই স্কোরে অবদান আছে ওয়েডেরও, ২৬ বলে করেছেন ৫০*। স্টার স্পোর্টস।
রান তাড়া করতে এসে শুরুতেই হেলসকে হারলেও পথ হারায়নি এউইন মরগানের ইংল্যান্ড। পরিস্থিতির সঙ্গে মানিয়ে ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন অধিনায়ক মরগান। ৯২ বলে ৮টি চার ও ২টি ছয়ের এই ইনিংস শুধু ইংল্যান্ডকেই সিরিজে ফিরিয়ে আনেনি, ম্যাচ সেরার পুরস্কারও এনে দিয়েছে তাঁকে।
আগামীকাল ওল্ড ট্রােফার্ডে সিরিজের শেষ ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৯৯/৭ (ম্যাক্সওয়েল ৮৫, বেইলি ৭৫, ওয়েড ৫০*; উইলি ৩/৫১, মঈন আলী ২/৪০, প্লাঙ্কেট ২/৪৭)। ইংল্যান্ড: ৪৮/২ ওভারে ৩০৪/৭ (মরগান ৯২, টেলর ৪১, স্টোকস ৪১, রয় ৩৬; কামিন্স ৪/৪৯, মার্শ ২/৫২, ম্যাক্সওয়েল ১/৫৪)।
ফল: ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: এউইন মরগান।