সমতা আনল নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে এসে বিনা উইকেটেই নিউজিল্যান্ড তুলেছিল ১০৩ রান। সেখান থেকে আর ৪৫ রান যোগ করতেই হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। তাতে দারুণভাবে ম্যাচে ফিরে এসেছিল পাকিস্তান। কিন্তু কেন উইলিয়ামসনের অপরাজিত ৭০ রানের ইনিংসে ২৪ বল হাতে রেখেই ৪ উইকেটে জিতে যায় নিউজিল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে সমতা আনল প্রথম ওয়ানডে হেরে যাওয়া কিউইরা।
শারজায় কাল টস জিতে ব্যাটিং নিয়েছিল পাকিস্তান। শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। ২০ রানেই তারা হারিয়ে ফেলেছিল শেহজাদ, ইউনিস ও শফিককে। সেখান থেকে দলকে টেনে তোলে চতুর্থ উইকেটে মোহাম্মদ হাফিজ ও হারিস সোহেলের ৭৭ রনের জুটি। ৩৩ রান করে সোহেল ফিরে গেলেও মিসবাহকে নিয়ে পাকিস্তানর বড় রানের আশাই জুগিয়েছিলেন হাফিজ।
৩৫তম ওভারে হাফিজ ৭৬ রান করে ফিরে যাওয়ার পর আরেকটা ধাক্কা খায় পাকিস্তান। দুই ওভার পর মিসবাহকে ফিরিয়ে দেন হেনরি। এরপর আফ্রিদি ৩টি ছয় ও ১টি চারে ১৪ বলে ২৭ রান করলেও ২৫২ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। সবচেয়ে সফল বোলার ম্যাট হেনরি—৪৫ রানে নিয়েছেন ৪ উইকেট। ৫৬ রানে ৩ উইকেট মিচেল ম্যাকলেনাহানের।
একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ওয়ানডে আগামীকাল। ক্রিকইনফো, টেন ক্রিকেট।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৪৮.৩ ওভারে ২৫২ (হাফিজ ৭৬, মিসবাহ ৪৭, সোহেল ৩৩, আফ্রিদি ২৭, সরফরাজ ২৩; হেনরি ৪/৪৫, ম্যাকলেনাহান ৩/৫৬, মিলনে ২/৫২)।
নিউজিল্যান্ড: ৪৬ ওভারে ২৫৫/৬ (উইলিয়ামসন ৭০*, ডেভচিচ ৫৮, রনকি ৩৬; সোহেল ৩/৪৮, আফ্রিদি ২/৪৭)।
ফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী।