সমতা দেখছেন লায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩ উইকেট নিয়ে রিচি বেনোকে কাল ছাড়িয়ে গেলেন নাথান লায়ন l প্রথম আলো
৩ উইকেট নিয়ে রিচি বেনোকে কাল ছাড়িয়ে গেলেন নাথান লায়ন l প্রথম আলো

দিন শেষে তাহলে কোন দল এগিয়ে—বাংলাদেশ, না অস্ট্রেলিয়া? প্রশ্নটা করা হলো ঢাকা টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাথান লায়নকে। দিনটা যেভাবে শেষ করেছে মুশফিকের দল, তাতে মনে হতে পারে, তারাই বুঝি এগিয়ে। তবে লায়ন কিন্তু নিজের দলকে পিছিয়ে রাখতে রাজি নন। অস্ট্রেলিয়ান স্পিনারের চোখে, দিন শেষে দুই দলই সমতায়।

আগে ব্যাট করতে নেমে ১০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। তারপরও যে দলের রানটা ২৬০ পর্যন্ত গেছে সেই কৃতিত্ব সাকিব-তামিমের। ১৫৫ রানের জুটি গড়েছেন দুজন মিলে। এই জুটি যতক্ষণ ছিল, আরও বড় রানের স্বপ্নই দেখছিল বাংলাদেশ। চাপের মুখে দুজনের ব্যাটিংয়ের প্রশংসা লায়নের মুখেও, ‘আমার মনে হয় দুজনই দারুণ সাহসের সঙ্গে ব্যাট করেছে। ওরা দুজন খুবই ভালো খেলোয়াড়। দুর্দান্ত কিছু শট খেলেছে এবং ম্যাচের লাগাম ধরে রেখেছে। ওদের অভিনন্দন।’

প্রথম ইনিংসটা খুব বড় করতে না পারলেও বল হাতে ঠিকই অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। ১৪ রানের মধ্যেই অস্ট্রেলিয়াও হারিয়েছে তাদের ৩ উইকেট। তবে এতেই ম্যাচের লাগাম ছুটে গেছে বলে মনে করেন না লায়ন, ‘আমি মনে করি, এখন পর্যন্ত ম্যাচে ভারসাম্য চলছে। টস হেরে বল করতে নেমে একটা দলকে ২৬০ রানের মধ্যে আটকে রাখা কম কথা নয়। আবার নিজেদের ৩ উইকেট পড়ে যাওয়াও আদর্শ পরিস্থিতি না।’

এ অবস্থা থেকে আজ অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদী লায়ন, ‘আমাদের খুবই ভালো দুজন ব্যাটসম্যান ক্রিজে আছেন। একজন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান (স্টিভেন স্মিথ), ম্যাট রেনশও প্রতিভাবান তরুণ। আশা করছি, কাল (আজ) সকালে ওরা লম্বা জুটি গড়বে।’