সিরিজটা যেমন জমেছে, তাতে বাড়তি অনুষঙ্গ না থাকলেও চলত। ভারতের মাটিতে প্রথম টেস্টটি দুর্দান্তভাবে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছে ইংলিশরা। আজ থেকে শুরু মোহালি টেস্টটি তাই দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ভারতের জন্য এ ম্যাচ সিরিজে এগিয়ে যাওয়ার, ইংল্যান্ডের জন্য সিরিজে ফেরার। কিন্তু এর আগে বিরাট কোহলিকে বলতে হলো বল ট্যাম্পারিং নিয়ে!
মোহালি টেস্টে তাই মিশে গেল অ্যাডিলেড টেস্টের আবহ। ট্যাম্পারিংয়ের অভিযোগে ম্যাচ ফির শতভাগ জরিমানা দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক ফাফ ডু প্লেসি। এবার অভিযোগ উঠেছে ভারত অধিনায়কের বিপক্ষেও। কোহলি অবশ্য এ অভিযোগকে পাত্তাই দিচ্ছেন না, ‘মানুষ চাচ্ছে মনোযোগটা সিরিজ থেকে অন্য কোথাও সরিয়ে নিতে। তাদের জন্য শুভকামনা রইল। দক্ষিণ আফ্রিকা সিরিজ জেতার পর অস্ট্রেলিয়াতেও এমন হলো।’
মজার বিষয়, কোহলির বিরুদ্ধে অভিযোগ বিশাখাপত্তনম টেস্টের ঘটনা নিয়ে নয়, সিরিজের প্রথম রাজকোট টেস্টের ঘটনা নিয়ে! সে টেস্টে ভারত কিন্তু পিছিয়েই ছিল। তবে কোহলিও অতীত নয়, আজ থেকে শুরু ম্যাচ নিয়েই ভাবতে চাচ্ছেন বেশি, ‘আমাদের যা করা উচিত সেটা নিয়েই মাথা ঘামাতে চাই।’
মোহালিতে দলে একটা পরিবর্তন আনছে ভারত। উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা চোট পাওয়ায় ৮ বছর পর টেস্ট দলে ঢুকে পড়লেন পার্থিব প্যাটেল। এতেই কোহলির রেকর্ডটি অক্ষুণ্ন রইল। কোহলির নেতৃত্বে খেলা ২০টি টেস্টে কখনোই অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেনি ভারত।
দলে পরিবর্তন আনতে হচ্ছে ইংল্যান্ডকেও। বাংলাদেশে মোটামুটি ভালো সময় কাটানো বেন ডাকেট ভারতে গিয়ে নিজেকে হারিয়ে খুঁজছেন। ২ ম্যাচে মাত্র ১৮ রান করায় বাদ পড়ছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তাঁর পরিবর্তে দলে ঢুকছেন জস বাটলার। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুর্দান্ত ফর্মে থাকলেও গত এক বছরে টেস্ট খেলতে পারেননি বাটলার। তবু তাঁর দলে ঢোকার পেছনে স্পিন খেলতে পারার ক্ষমতাটাই অবদান রেখেছে বেশি। প্রতিপক্ষ অধিনায়ক কোহলিও একে ভালো সিদ্ধান্ত বলছেন, ‘সে বাদ পড়াতেই আমি অবাক হয়েছি। সে দারুণ প্রতিভাবান।’
বোলিংয়েও আসছে পরিবর্তন, স্টুয়ার্ট ব্রডের চোটে এক ম্যাচ বিরতি দিয়ে ফিরছেন ক্রিস ওকস। এএফপি।