সমতা ফেরাল আফগানরা
মোহাম্মদ নবীর দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং। এই দুই মিলিয়ে জিম্বাবুয়েকে ৫৮ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল আফগানিস্তান।
ক্রিকেটীয় ঐতিহ্যের বিচারে ব্যবধান যত বড়ই হোক না কেন ওয়ানডেতে দুই দলের পার্থক্যটা যে উনিশ-বিশ, সেটা বোধ হয় বলাই যায়। জিম্বাবুয়ের বিপক্ষে ৬টি ওয়ানডেতে আফগানদের এটি তৃতীয় জয়! দ্বিতীয় উইকেটে ওপেনার নূর আলী জাদরানের সঙ্গে নবীর ১৩৩ রানের জুটিতেই মূলত ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানরা। ১২১ বলে ৩টি চার ও ৬ ছক্কায় ১১৬ রান করেন
নবী, যেটি তাঁর প্রথম সেঞ্চুরি। ওপেনার নূর আলী জাদরান ৬০ ও আসগর স্টানিকজাই ৩৯ রান করেন।
২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ওপর শুরু থেকেই চেপে বসেন আফগান বোলাররা। শেষে দিকে ৩৩ বলে ক্যারিয়ার-সর্বোচ্চ ৪৬ রান করে লুক জঙ্গুয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সঙ্গীর অভাবে ব্যর্থ হন। আফগান বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন আফতাব আলম, দওলত জাদরান ও সামিউল্লাহ শেনওয়ারি। সেঞ্চুরির পাশে বল হাতে ১ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মোহাম্মদ নবী। ক্রিকইনফো।