সমতা ফেরাল নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের দুই পেসার ডগ ব্রেসওয়েল ও অ্যাডাম মিলনে দুর্দান্ত বোলিং করেছেন। তাই বলে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার এমন বিবর্ণ ব্যাটিং! পচেফস্ট্রুমে কাল ২০৪ রানে গুটিয়ে গেছে স্বাগতিক দল। জবাবে ৩৩ বল আর ৮ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে সফরকারী নিউজিল্যান্ড। তিন ওয়ানডের সিরিজে এখন ১-১-এ সমতা।
শুরুতে দুই ওপেনারকে হারালেও রাইলি রুশো ও এবি ডি ভিলিয়ার্সের ৪৮ রানের জুটি বড় রানের দিকেই নিয়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু ৩৯ রান করে রুশো ও ৩১ রান করে ডি ভিলিয়ার্স ফিরে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। শেষ পর্যন্ত ফারহান বেহারডিয়েনের ৭০ ও ভারনন ফিল্যান্ডারের অপরাজিত ৩০ রানে তারা যেতে পারে ২০৪ রান পর্যন্ত। ব্রেসওয়েল ৩১ রানে ৩ উইকেট এবং মিলনে ৩৯ রানে ২ উইকেট নিয়েছেন।
দুই ওপেনার টম ল্যাথাম ও মার্টিন গাপটিলের ১২৬ রানের জুটিতেই ম্যাচটিকে নিজেদের দিকে নিয়ে নেয় নিউজিল্যান্ড। ল্যাথাম ৬৪ রান করে ইমরান তাহিরের বলে আউট হলেও গাপটিল অপরাজিত ১০৩ রানে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ফর্মে থাকা কিউই ওপেনারের এটি নবম ওয়ানডে সেঞ্চুরি। আগামী পরশু সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি হবে ডারবানে। টেন ক্রিকেট, ক্রিকইনফো।