
লক্ষ্য ২৬৪। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ১৩৬। অবশিষ্ট ১২৮ রান করতে ওয়েস্ট ইন্ডিজের হাতে ছিল ১২৮ বলই। ক্রিজে ক্যারিয়ারের সর্বোচ্চ ওয়ানডে ইনিংস খেলা ডোয়াইন স্মিথ ও কাইরন পোলার্ড। কিন্তু এই ম্যাচটাই হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। ৭৯ রান তুলতেই শেষ ৯ উইকেট হারানো দলটি কাল হেরেছে ৪৮ রানে। দিল্লির দ্বিতীয় ওয়ানডেটা জিতে ভারত সিরিজে সমতা এনেছে।
১৩৬ রানে পোলার্ডের বিদায়ের পর স্যামুয়েলসকে নিয়ে দলের স্কোরটা ১৭০ নিয়ে যাওয়ার পরই আউট হয়েছেন স্মিথ। প্রথম ওয়ানডের মতোই কালও ছক্কা মারার পরের বলেই আউট হওয়া এই ওপেনার করেছেন ৯৭ বলে ৯৭ রান। স্মিথের বিদায়ের ১১ ওভারের মধ্যেই আর মাত্র ৪৫ রান তুলতেই শেষ ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে ভারতের সূচনাটা ছিল কচ্ছপগতির। উইকেটও পড়ছিল নিয়মিত। ৫ ওভারে ১৬, ১০ ওভারে ৩৭। ৪ রানে প্রথম উইকেট হারানো দলটি তৃতীয় উইকেট হারাল ৭৪ রানে। এরপর বিরাট কোহলি ও সুরেশ রায়নার শত রানের জুটিতেই উদ্ধার পায় ভারত। চতুর্থ উইকেটে ১০৫ রান যোগ করা কোহলি ও রায়না দুজনেই আউট হয়েছেন ঠিক ৬২ রান করে। গত এশিয়া কাপের পর কোহলির প্রথম ওয়ানডে ফিফটিটা চারে নেমে করা। এরপর মহেন্দ্র সিং ধোনি একপ্রান্ত আগলে রেখে অপরাজিত ফিফটি করলেও শেষ ওভারগুলোতে ওয়েস্ট ইন্ডিয়ান সিমারদের আঁটসাঁট বোলিং ২৬৩ রানেই আটকে রাখে ভারতকে। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর: ভারত: ৫০ ওভারে ২৬৩/৭ (রাহানে ১২, ধাওয়ান ১, রায়ডু ৩২, কোহলি ৬২, রায়না ৬২, ধোনি ৫১*, জাদেজা ৬, ভুবনেশ্বর ১৮, সামি ১*; রামপল ১/৪৭, টেলর ৩/৫৪, বেন ১/৪৭, ডোয়াইন ব্রাভো ১/৫১, স্যামি ১/১৪, স্যামুয়েলস ০/২১, রাসেল ০/১৪, পোলার্ড ০/১০)। ওয়েস্ট ইন্ডিজ: ৪৬.৩ ওভারে ২১৫ (স্মিথ ৯৭, ড্যারেন ব্রাভো ২৬, পোলার্ড ৪০, স্যামুয়েলস ১৬, রামদিন ৩, ডোয়াইন ব্রাভো ১০, রাসেল ৪, স্যামি ১, রামপল ১৬, টেলর ০, বেন ০*; ভুবনেশ্বর ০/৩২, উমেশ ১/৪২, সামি ৪/৩৬, জাদেজা ৩/৪৪, মিশ্র ২/৪০, কোহলি ০/২০)। ফল: ভারত ৪৮ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ সামি।