সমতা ফেরাল 'এ' দল

আগের ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছিলেন। কিন্তু সৌম্য সরকার সেদিন দলকে জেতাতে পারেননি। কাল অবশ্য আর হতাশায় পুড়তে হয়নি। দলকে এনে দিয়েছেন প্রত্যাশিত জয়।
ব্যাটিং উদ্বোধন করে ৮৩ বলে ৮৬ রানের ইনিংস খেলেছেন সৌম্য, নিয়েছেন ২ উইকেট। এবার ম্যাচের ফলও গেল বদলে। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে ডাকওয়ার্থ লুইসে ৬ উইকেটে জিতে ৩ ম্যাচের এক দিনের সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ‘এ’ দল।
টসে জিতে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে জিম্বাবুয়ে ‘এ’। সৌম্য, ইলিয়াস সানি আর জুবায়ের হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭৬ রানে ৬ উইকেট পড়ে যায় সফরকারীদের। চার নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক ভুসিমুজি সিবান্দার ৭৪ রানে শেষ পর্যন্ত তারা পেরুতে পারল দেড় শ রান।
৮০ রানের উদ্বোধনী জুটিতে বাংলাদেশের শক্ত ভিত গড়ে দেন সৌম্য ও লিটন কুমার। এরপর অধিনায়ক মার্শাল আইয়ুব ও মুমিনুল হক অল্প রানে ফিরলেও বিপদে পড়তে হয়নি বাংলাদেশকে। ৩১.১ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় ঘণ্টা খানেকের জন্য। পরে ডাকওয়ার্থ লুইসে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪৭ ওভারে ১৫৮ রান। বাকি দুই রান তুলতে বাংলাদেশকে খেলেতে হয়েছে তিন বল।
সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে ‘এ’: ৫০ ওভারে ১৬৩/৯ (চারি ১১, চাকাভা ১৫, মুতিজাওয়া ৫, সিবান্দা ৭৪, মারুমা ১০, ওয়ালার ৭, গাম্বি ৫, মুপারিওয়া ১৯, মাসাকাদজা ৩, কামুনগোজি ৪*, মুসোকো ৪*; ফরহাদ রেজা ০/২৭, শহীদ ১/৩০, সৌম্য ২/২৩, সানি ২/২৯, মুমিনুল ১/২০, জুবায়ের ২/২৮, মোসাদ্দেক ০/৪)। বাংলাদেশ ‘এ’: ৩১.৪ ওভারে ১৫৮/৪ (সৌম্য ৮৬, লিটন ২৯, মার্শাল ২, মুমিনুল ৩, নাঈম ১৩*, মোসাদ্দেক ১১*; মুপারিওয়া ০/১৭, মুসোকো ০/১৫, কামুনগোজি ২/৫২, ওয়ালার ০/৩২, মাসাকাদজা ২/১৮, মারুমা ০/১৯)। ফল: বাংলাদেশ ‘এ’ দল ডিএল পদ্ধতিতে ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সৌম্য সরকার।