সমস্যা ধরতে পেরেছেন হ্যালসল
‘ড্রপড!’—অনুচ্চস্বরে বলে উঠলেন রিচার্ড হ্যালসল। কাল বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা শুরু করতেই একটি টেলিভিশন চ্যানেলের বুম মাটিতে পড়ে গেলে শব্দটা বের হয়ে এল বাংলাদেশ দলের সহকারী কোচের মুখ দিয়ে। নিউজিল্যান্ড সফরজুড়েও বাংলাদেশের ছায়াসঙ্গী হয়ে ছিল এই একটি শব্দ—‘ড্রপড’।
বাংলাদেশের ফিল্ডারদের হাত গলে ক্যাচ ফসকানোর দৃশ্য দেখা গেছে নিয়মিত। তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি ও দুই টেস্টে সহজ-কঠিন মিলিয়ে অন্তত গোটা বিশেক ক্যাচ হাতছাড়া করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। ম্যাচে ক্যাচ হাতছাড়া হতেই পারে। কিন্তু সংখ্যাটা এতই বেশি ছিল যে বাজে ফিল্ডিংয়ের চড়া মূল্য দিতে হয়েছে মাশরাফি-মুশফিকদের। রিচার্ড হ্যালসল এ নিয়ে বেশ চিন্তিত, ‘অবশ্যই এটা হতাশার। ১৬-১৭টা ক্যাচ পড়েছে। গত দুই বছরে আমাদের যে সাফল্য, দলের কাছে এটা আশা করিনি। সত্যি চিন্তার বিষয়।’
কিন্তু কেন একের পর এক ক্যাচ ফসকাচ্ছে? সফরের ব্যবচ্ছেদ শেষে মোটা দাগে দুটি কারণ খুঁজে পেয়েছেন হ্যালসল, ‘ক্যাচ ছাড়ার পেছনে দুটি কারণ থাকতে পারে। হয় টেকনিক্যালি তারা ভালো ছিল না অথবা ফিল্ডারদের মনঃসংযোগ ছিল না। দুটির সমন্বয়ে বাজে ফিল্ডিং হয়েছে। কেউ পুরোপুরি মনোযোগী ছিল না। কেউ টেকনিক্যালি পিছিয়ে ছিল। তাদের প্রত্যেককে আলাদাভাবে দেখছি। দেখব অনুশীলনে কটা ক্যাচ তারা নিতে পারে। আমরা কিন্তু যথেষ্ট অনুশীলন করেছিলাম।’
ব্যাটিং অনুশীলনের পর কাল বিকেলে কিপিং করেছেন আঙুলে চোট থেকে প্রায় সেরে ওঠা মুশফিকুর রহিম। বাংলাদেশ টেস্ট অধিনায়কের উন্নতিতে সন্তুষ্ট হ্যালসল, ‘তার ব্যথা অনেকটাই কমেছে। যেখানে চোট পেয়েছে ফিজিও সেখানে প্লাস্টার করে দিয়েছিল। চোটটা ও ভালোভাবে কাটিয়ে উঠছে। স্বচ্ছন্দেই ব্যাটিং করেছে সে।’
ফিল্ডিং অনুশীলন করেছেন চোটে পড়া অন্য দুই খেলোয়াড় ইমরুল-মুমিনুলও। দুই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানের চোট কাটিয়ে ওঠার অগ্রগতি নিয়ে হ্যালসল বললেন, ‘তাদের চোটও অনেকটা কমে এসেছে। কাল (আজ) সকালে দেখব এখন পর্যন্ত তাদের অবস্থার কতটা উন্নতি হয়েছে। আজ (কাল) ব্যাটিংয়ের পাশাপাশি হালকা ফিল্ডিং করেছে। তবে কেউ কোনো ডাইভ দেয়নি। কাল (আজ) তাদের অবস্থা আরও ভালো বোঝা যাবে।’