সমাধান খুঁজছে ডব্লুআইসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝপথে ভারত সফর বাতিল করায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) কাছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ চেয়েছে ভারতীয় বোর্ড (বিসিসিআই)। সেটা না হলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের এই কঠিন অবস্থান দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ডব্লুআইসিবিকে। সংকট সমাধানে জরুরি বৈঠক ডেকে ক্যারিকম দেশগুলোর রাজনীতিকদের সাহায্য চেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিয়ান সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, ত্রিমুখী দ্বন্দ্বে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল, সেটা সমাধানের পথে অনেক দূর এগিয়েছে ডব্লুআইসিবি।

ক্ষতিপূরণ চেয়ে বিসিসিআইয়ের পাঠানো চিঠিটা গত শুক্রবারই পেয়েছে ডব্লুআইসিবি। সেদিনই পোর্ট অব স্পেনে একটা জরুরি বৈঠক ডেকেছিলেন ডব্লুআইসিবি সভাপতি ডেভ ক্যামেরন। বৈঠকে যোগ দেন সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসের প্রধানমন্ত্রী রালফ গনসালভেস এবং গ্রেনাডার প্রধানমন্ত্রী কিথ মিচেল। ছিলেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক দিনেশ রামদিন, ওয়ানডে অধিনায়ক ডোয়াইন ব্রাভোও। ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়দের সংগঠন ডব্লুআইপিএর সভাপতি ওয়েভেল হাইন্ডস সশরীরে উপস্থিত না থাকলেও যোগ দিয়েছিলেন টেলিকনফারেন্সের মাধ্যমে। বৈঠক শেষে ডেভ ক্যামেরন বলেছেন, ‘এটা এমন একটা ব্যাপার যাতে আমরা ক্যারিকমের (ক্যারিবিয়ান কমিউনিটি) সাহায্য চাইছি।’

ওয়েস্ট ইন্ডিয়ান সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, বৈঠকে সমঝোতার পথে অনেক দূর এগিয়েছে ডব্লুআইসিবি, ডব্লুআইপিএ ও জাতীয় দলের খেলোয়াড়েরা। খেলোয়াড়দের সঙ্গে বেতন-ভাতা নিয়ে নতুন করে আলোচনায় বসতে রাজি বোর্ড। বিনিময়ে খেলোয়াড়েরাও সরে আসবেন ডব্লুআইপিএর সভাপতি হাইন্ডসের পদত্যাগের দাবি থেকে। এ ছাড়া সিদ্ধান্ত হয়েছে সাবেক ফাস্ট বোলার ওয়েস হলের নেতৃত্বে তিন সদস্যের একটি টাস্কফোর্স ক্ষতিপূরণ নিয়ে আলোচনা চালিয়ে যাবে বিসিসিআইয়ের সঙ্গে। এএফপি ও ইএসপিএন।