দুই পক্ষই অনড়। কিন্তু বেতন-ভাতা নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটার আর ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে যে দ্বন্দ্ব, সেটার সমাধান হতে হলে তো ছাড় দিতে হবে যেকোনো এক পক্ষ বা দুই পক্ষকেই। সেই ছাড় দেওয়ার মানসিকতা না থাকায় সাবেক অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ইয়ান হিলি ধুয়ে দিয়েছেন দুই পক্ষকেই। আবার সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে একহাত নিয়েছেন বোর্ডকে। ওদিকে মাইকেল ক্লার্কের মতো সাবেকেরা সমাধান দিচ্ছেন নিজেদের মতো করে। কিন্তু সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না!
দুই দিন আগে আগামী অ্যাশেজ নিয়ে চ্যানেল নাইন আয়োজিত একটি অনুষ্ঠানে দ্বন্দ্ব নিরসনের একটা উপায় বাতলেছেন ক্লার্ক। তাঁর পরামর্শ, সর্বশেষ চুক্তি অনুযায়ীই আরও এক বছর চলুক বেতন-ভাতা। আর এই সময়ের মধ্যে ক্রিকেটারদের সংগঠন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মধ্যে চলুক নতুন চুক্তি নিয়ে আলোচনা। এতে করে আর সিরিজ বয়কটের মতো সমস্যায় পড়তে হবে না।
এই পরামর্শ নিয়ে এসিএ বা সিএ এখনো কিছু বলেনি। এদিকে সূচি অনুযায়ী আগামী শনিবার ভোরেই দক্ষিণ আফ্রিকার বিমান ধরার কথা অস্ট্রেলিয়া ‘এ’ দলের। সেটির জন্য আগামীকাল রাতের মধ্যে দুই পক্ষকে সমঝোতায় আসতে হবে। এখন পর্যন্ত যা অবস্থা, তাতে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। আরও আগেই এ সবকিছু সমাধান করে না ফেলায় ইয়ান হিলি খেপেছেন দুই পক্ষের ওপরই, ‘এটা খুবই দুঃখজনক যে দুই পক্ষ এক বছর আগে এসব ব্যাপার সমাধান করেনি এবং ব্যাপারটা এত দূর গড়াতে দিয়েছে। ওদের উচিত ছিল, আগেই তিন-চারটা খসড়া করে আলোচনার পর সমস্যাগুলো সমাধান করে নেওয়া।’
এ অচলাবস্থায় ঘুরেফিরে আসছে একটি প্রসঙ্গ—অস্ট্রেলিয়ান ক্রিকেটের তৃণমূল পর্যায়ে বোর্ডের বিনিয়োগ। সিএ যুক্তি দেখাচ্ছে, তৃণমূল পর্যায়ে তাদের অনেক বিনিয়োগ করতে হচ্ছে, সে কারণে খেলোয়াড়দের আরও বেশি লভ্যাংশ দেওয়া সম্ভব হচ্ছে না। ওদিকে কিছুদিন আগে সংবাদ সম্মেলনে এসিএ যুক্তি দেখিয়েছিল, গত পাঁচ বছরে বোর্ডে কর্মী বেড়েছে প্রায় দ্বিগুণ। সেখানে অনেক বাড়তি খরচ হচ্ছে। এই বিতর্কে সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল খেলোয়াড়দেরই পক্ষ নিলেন, ‘সিএ তৃণমূল পর্যায়ের জন্য টাকা বাঁচিয়ে রাখতে চায়, তাতে আমার কোনো আপত্তি নেই। ওরা যদি টাকা চায়, আমি ওদের টাকা খুঁজে দিতে পারি। নিজেদের কর্মী কমিয়ে তারা সেটা করুক না! ক্রিকেট অস্ট্রেলিয়ায় অতিরিক্ত কর্মী না থাকলে আমি খুব অবাক হব।’ সিডনি মর্নিং হেরাল্ড।