পাকিস্তানের আঘাতে কাঁপছে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় বলেই উইকেট প্রাপ্তির আনন্দ হাসান আলীর। ছবি: রয়টার্স
তৃতীয় বলেই উইকেট প্রাপ্তির আনন্দ হাসান আলীর। ছবি: রয়টার্স

চেনা চিত্রনাট্যেই চলছে পাকিস্তান। ভারতের কাছে অসহায় পরাজয়ের পর এবারের টুর্নামেন্টে তাদের বারবার ম্যাচে ফিরিয়ে এনেছেন বোলাররা। আজও তা-ই হলো। আর মাত্র ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে পথ হারিয়েছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান ইংল্যান্ডের।
দুরন্ত গতিতে ছুটছিল ইংল্যান্ড, এ কথা বলা যাচ্ছে না। ৩০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ১৩৬ রান। ২০১৫ বিশ্বকাপের পর গত দুই বছরে ৩০ ওভারে এর চেয়ে কম স্কোর মাত্র দুবার করেছে ইংল্যান্ড। তবে যে দলে জশ বাটলার, বেন স্টোকস কিংবা এউইন মরগানের মতো খেলোয়াড় আছেন, তাঁদের জন্য শেষের ঝড় তোলা কঠিন কী!
কিন্তু শাদাব খানের বলে কাট করতে গিয়ে জো রুট (৪৬) আউট হতেই ঝামেলা শুরু হলো। বাজে এক শট খেলে আউট হলেন মরগান (৩৩)। একটু পরেই জুনায়েদ খানের দারুণ এক বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেন বাটলারও (৪)। ফখর জামানের দুর্দান্ত ক্যাচে মইন আলীও (১১) পথ ধরেছেন ড্রেসিংরুমের। ২ উইকেটে ১২৮ থেকে মুহূর্তেই স্কোর ১৬২/৬!
আজ ইংল্যান্ড ভাগ্যের সহায়তাও পেয়েছে। দুজন ব্যাটসম্যান রিভিউ নিয়ে বেঁচে গেছেন। তবে অ্যালেক্স হেলস (১৩) ও মরগান—দুজনই ইনিংস বড় করতে পারেননি। জেসন রয়ের বদলে সুযোগ পাওয়া জনি বেয়ারস্টোও তিনবার জীবন ফিরে পেয়েছেন। দুবার পাকিস্তানি ফিল্ডারের সহযোগিতায়। আরেকবার পাকিস্তানের রিভিউ নিয়েও তাঁকে আউট করতে পারেনি। সেই বেয়ারস্টো আউট হওয়ার আগে করেছেন ৪৩ রান। এখন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বেন স্টোকসই ভরসা ইংল্যান্ডের (২০)। সঙ্গে আছেন আদিল রশিদ (৬)।
দুটি করে উইকেট হাসান ও জুনায়েদের। পাকিস্তানের বোলারদের কেবল একজন রান দিয়েছেন ৫ করে। বাকি সবার ইকোনমি এর নিচে! এর থেকেও বোঝা যায়, কত দুর্দান্ত বোলিং করছেন তাঁরা।