সমান-সমান লড়াই

বিরাট কোহলিকে দুর্দান্ত এক গুগলিই দিলেন প্রশ্নকর্তা, ‘দেশের মাটিতে নিজেদের কি অপরাজেয় মনে করেন?’ ফাঁদে পা না দিয়ে ভারতীয় অধিনায়কের আলতো ডিফেন্স, ‘পত্রিকার সংবাদ শিরোনাম দেওয়া আমার কাজ নয়।’
প্রশ্নটা অমূলক কিন্তু নয়। ২০১৫ সালের আগস্টে শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্ট হারলেও পরেরটিতেই ঘুরে দাঁড়িয়েছিল ভারত। কোহলির নেতৃত্বে সেই থেকেই শুরু ভারতের জয়ের রথে ছুটে চলা। টানা ১৮ টেস্টে হারেনি ভারত। গত দুই বছরে কোহলির ভারতের কাছে টেস্ট সিরিজ হেরেছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। দেশের বাইরে একটু পরীক্ষায় পড়লেও গত দুই বছরে নিজেদের মাঠে কোহলিদের খুব একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি কোনো দল।
মহেন্দ্র সিং ধোনির পর কোহলির নেতৃত্বে আবারও টেস্ট র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেছে ভারত। এই সাফল্যের পরও মাটিতে পা রাখছেন ভারতীয় অধিনায়ক, ‘আমাদের চেষ্টাটা ভালো ছিল। আমরা আমাদের প্রক্রিয়ায় মনোযোগ রাখতে চাই এবং ভালো খেলতে চাই। কোনো দলই অপরাজেয় নয়। খেলার কোনো কোনো সময়ে দুটি দলেরই সুযোগ থাকে। টেস্টে সেটি আরও বেশি। ভালো ক্রিকেট খেললে এক সেশন কিংবা এক ঘণ্টায় ম্যাচের চেহারা বদলে যেতে পারে। আমরা নিজেদের অপরাজেয় ভাবি না। তবে এটা মনে করি বিশ্বের যেকোনো দলের সঙ্গেই আমরা ভালো খেলতে পারি, যেকোনো দলকেই হারাতে পারি।’
উপমহাদেশে ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই কিংবদন্তিতুল্য। আর এই দুই দলের ম্যাচ মানে ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং। কিছুদিন হলো, কথাটা বেশ চালু যে মাঠের লড়াইয়ে না হোক, মেজাজে বাংলাদেশ জায়গা নিয়েছে পাকিস্তানের। এখানেও প্রশ্নটা উঠল, ভারতের ব্যাটিং বনাম বাংলাদেশের বোলিংই হবে হায়দরাবাদ টেস্টের নির্যাস? কোহলি অবশ্য তা মনে করেন না, ‘এটা সমান–সমান লড়াই। বাংলাদেশের ব্যাটিংকে খাটো করে দেখতে পারেন না।’ গত মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ৩৫৯ রানের জুটির কথা মনে করিয়ে দিলেন ভারতীয় অধিনায়ক, ‘তারা নিউজিল্যান্ডে অসাধারণ করেছে। টেস্টের এক দিনে সাড়ে তিন শর ওপর রান করাটা দুর্দান্ত ব্যাপার। টেস্টে সারা দিনে ওভারপ্রতি সাড়ে চার করে রান করাটাও বিশেষ কিছু। একটি দলের কোনো কিছুই হালকাভাবে নেওয়া যাবে না। দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে তাদের।’
গত দুই বছরে ওয়ানডেতে বাংলাদেশ-ভারতের ব্যবধান কমে এলেও টেস্টে ভিন্ন ছবি। ভারত অবশ্যই যোজন যোজন এগিয়ে। ক্রিকেটের সর্বোচ্চ এই পরীক্ষায় দুই দলের ব্যবধান পরিষ্কার করে দেয় র্যাঙ্কিংও। ভারত টেস্টে এক নম্বর দল, বাংলাদেশের অবস্থান নয়ে। তবে আজ থেকে শুরু হায়দরাবাদ টেস্টে বাংলাদেশকে বেশ সমীহই করছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব ম্যাচই চ্যালেঞ্জিং। বিষয়টা এমন নয় যে অন্য দল সহজ ছিল কিংবা বাংলাদেশও সহজ হবে। এই ম্যাচেও আমরা একইভাবে প্রস্তুতি নেব। ২২ গজেও একই পরিকল্পনা থাকবে। প্রতিপক্ষ কে, সেটি ব্যাপার নয়।’