সমালোচকেরা 'হত্যা' করছেন ক্লার্ককে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল ক্লার্ক
মাইকেল ক্লার্ক

অস্ট্রেলীয় গণমাধ্যমে জোর আলোচনা। নিজের শেষ সময়ে কী পৌঁছে গেছেন মাইকেল ক্লার্ক? অস্ট্রেলিয়ার অনেক বাঘা বাঘা ক্রিকেট লিখিয়েই নিজেদের লেখায় ক্লার্কের শেষটা দেখে ফেলেছেন অবলীলায়। সিডনি মর্নিং হেরাল্ড কিংবা দ্য অস্ট্রেলিয়ানের মতো পত্রিকাগুলো তো লিখেই দিয়েছে, এই ক্লার্কের মধ্যে দলের জন্য ভালো পারফরম্যান্সের ইচ্ছাটাই ‘নাই’ হয়ে গেছে। এই তো কিছু দিন আগেই দেশকে উপহার দিয়েছেন বিশ্বকাপের পঞ্চম শিরোপাটি। সমালোচকদের কথার তিরে বিদ্ধ হয়ে নিজেকে রীতিমতো অসহায় মনে হচ্ছে তাঁর। বলেছেন, বাজে পারফরম্যান্সের জন্য সমালোচনা শুনতে প্রস্তুত আছেন তিনি। কিন্তু ইচ্ছাশক্তি, দায়বদ্ধতা ইত্যাদি নিয়ে প্রশ্ন ওঠাটা তাঁকে হত্যা করার মতোই।
সিডনি থেকে প্রকাশিত দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় লেখা নিজের কলামে সোজা-সাপটা জানিয়ে দিলেন, ক্রিকেটকে এখনো অনেক কিছুই দেওয়ার আছে তাঁর। অনুযোগ করে বলেছেন, তাঁকে নিয়ে এমন কিছু সমালোচনা হচ্ছে, যেটা এত দিন ধরে অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব তরার পর তাঁর প্রাপ্য নয়। একই সঙ্গে সমালোচকদের যাবতীয় সমালোচনাকে উড়িয়ে দিয়ে তিনি লিখেছেন, ‘এদের ফালতু কথাবার্তায় কান না দিয়ে আমি আমার খেলায় মনোযোগী হতে চাই।’
পারফরম্যান্সটা অবশ্যই ভালো নয়। এবারের অ্যাশেজ-সফরে নিজের বাজে ফর্মটা বড্ড করুণ হয়ে ধরা দিচ্ছে সকলের চোখে। ব্যাপারটা মানেন ক্লার্ক নিজেও। বলেছেন, ‘নিজের পারফরম্যান্স যা তাতে আমি সমালোচনার মুখে পড়তেই পারি। এই সমালোচনাটা আমার প্রাপ্য। কিন্তু কেউ যদি বলেন, যে আমার মধ্যে আর খুব বেশি ক্রিকেট বাকি নেই কিংবা আমার মধ্যে ভালো করার ক্ষুধাটা মরে গেছে, তাহলে তিনি অবশ্যই ভুল বলেছেন।’
সমালোচকদের এসব কথাবার্তায় যথেষ্ট আঘাত পেয়েছেন ক্লার্ক। সেটা প্রতিফলিত তাঁর লেখার মধ্যেই, ‘কী অদ্ভুত! এরা বলছে, আমার ভালো পারফরম্যান্সের ক্ষুধাটাই নাকি মরে গেছে। এগুলো ফালতু কথা। আমি ওই সমালোচকদের জানিয়ে দিতে চাই। আজও আমি সবার আগে অনুশীলনে আসি। সবার পরে মাঠ ছাড়ি। এই চমৎকার খেলাটিকে আমার এখনো অনেক কিছু দেওয়ারই বাকি আছে। সবার কাছে অনুরোধ দয়া করে এমন কোনো সমালোচনা করবেন না যা আমার প্রাপ্য নয়।’
১৩ বছর হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটে। এখনো নাকি ক্যারিয়ারের শুরুর দিনগুলোর মতোই স্বতঃস্ফূর্ততা অনুভব করেন তিনি। জানিয়েছেন, ‘আমার ভালো কিছু করার ক্ষুধা বা ইচ্ছাশক্তি নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাদের অনুরোধ করব দয়া করে এসব কথা তুলবেন না। যদি তোলেন, তা আমার প্রত্যয়, দায়িত্ববোধ আর গত ১৩ বছর ধরে যাবতীয় অবদানকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। এ সব সমালোচনা আমাকে হত্যা করার শামিলই। আমার সমালোচনা করুন। কিন্তু আমার ক্রিকেটীয় সত্তা হত্যা করবেন না।’ সূত্র: এএফপি।