একটি হারেই চার দিক থেকে ছুটে আসছে সমালোচনার তির। সাউদাম্পটন টেস্টে ইংল্যান্ডের কাছে ২৬৬ রানের বিশাল ব্যবধানে হেরে এখন সমালোচনায় বিদ্ধ ভারতীয় ক্রিকেট দল। সবচেয়ে কঠোর সমালোচনাটা এসেছে সুনীল গাভাস্কারের দিক থেকে। ভারতের সাবেক অধিনায়কের চোখে সাউদাম্পটনে ‘অসহায় আত্মসমর্পণ’ করেছে মহেন্দ্র সিং ধোনির দল।
ভারতের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ধোনিদের ধুয়ে দিয়েছেন গাভাস্কার, ‘শেষ দিনের লাঞ্চের আগেই হেরে যাওয়াটাই বলছে বিন্দুমাত্র প্রতিরোধ ছিল না। ছিল না লড়াইয়ের ছিটেফোঁটাও। উদ্বেগের বিষয় এটাই। ভারতের হারটা ছিল অসহায় এক আত্মসমর্পণ।’
বিশাল এই জয়েই এক বছরের টেস্ট জয়ের খরা কেটেছে ইংল্যান্ডের। লর্ডসে দ্বিতীয় টেস্টে হেরে পিছিয়ে পড়া দলটি সমতা এনেছে সিরিজেও। গাভাস্কারের মতে ধোনিদের ‘দায়িত্বহীন’ পারফরম্যান্সেই ইংল্যান্ড সুযোগ পেয়েছে লর্ডস বিপর্যয় কাটিয়ে উঠতে, ‘লর্ডসে ইংল্যান্ডকে একেবারে ঠেসে ধরেছিল ভারত।আমি জানি মাঝের পাঁচ দিনে তারা কী করেছে, তবে সাউদাম্পটনে তারা দায়িত্বহীন ছিল। সেই উনিশ শ ত্রিশের দশক থেকেই ভারতীয় দলটা এই রোগে ভুগছে—আত্মতৃপ্তি!
আরেক সাবেক অধিনায়ক কপিল দেবের চোখে খলনায়ক বোলাররা। প্রথম দুই টেস্টে ভারতের বোলিংয়ের সঙ্গে সাউদাম্পটনের তুলনা টেনেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, ‘প্রথম দুই টেস্টে ভারতের প্রধান অস্ত্রই ছিল বোলিং। রোজ বোলের মতো ট্রেন্ট ব্রিজেও মরা উইকেট ছিল। এই দুই মাঠে ভারতীয় বোলারদের পারফরম্যান্সের পার্থক্যটা একবার ভাবুন তো!’
লর্ডসে ভারতের জয়ের নায়ক ইশান্ত শর্মা চোটের কারণে ছিলেন না এই ম্যাচে, থাকবেন না সিরিজের চতুর্থ টেস্টেও। তাই বাড়তি চাপ পড়েছিল ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামির ওপরে। কপিলের মতে, ভুবনেশ্বরের বলে সুইং থাকলেও গতি ছিল না। অন্যদিকে সামির গতি থাকলেও ছিল না লেংথ।
সমালোচনায় যোগ দিয়েছেন সৌরভ গাঙ্গুলীও। অবশ্য কপিলের মতো বোলারদের নয়, সাবেক এই অধিনায়ক দোষ দিয়েছেন ব্যাটসম্যানদের। গাঙ্গুলী ভাবতেই পারছেন না যে স্পিন খেলার জন্য এত সুনাম ভারতীয় ব্যাটসম্যানদের সেই দল কীভাবে দ্বিতীয় ইনিংসে ইংলিশ অফস্পিনার মঈন আলীকে ৬ উইকেট দিল।
ফর্মহীন ওপেনার শিখর ধাওয়ানের জায়গায় গৌতম গম্ভীরকে নেওয়ার পরামর্শও দিয়েছেন গাঙ্গুলী। তবে যেহেতু ইংল্যান্ড ‘এখনো নাজুক’ অবস্থায় আছে তাই সাবেক অধিনায়ক মনে করেন ভারতের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব।
৭ আগস্ট ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে চতুর্থ টেস্ট। এএফপি।