সমালোচনায় বিদ্ধ ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ জয়ের মিশনে এসে গ্রুপ পর্বেই বিদায়ের রাগিণী! ইংল্যান্ডের এই করুণ দশায় চিন্তিত সে দেশের সাবেক ক্রিকেটাররা। সমালোচনার চাবুক হানছেন এউইন মরগানের দলকে।
অস্ট্রেলিয়ার কাছে ১১১ রানে বিশাল হার দিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের। দ্বিতীয় ম্যাচে আরও বড় লজ্জা, ইংল্যান্ডকে পাড়ার দল বানিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে নিউজিল্যান্ড। টিম সাউদির পেস তোপে ওয়েলিংটনে ১২৩ রানে অলআউট ইংল্যান্ড, তারপর ম্যাককালামের ঝোড়ো ব্যাটিংয়ে বিধ্বস্ত ৮ উইকেটে।
বিনা লড়াইয়ে এমন অসহায় আত্মসমর্পণ! ইয়ান বোথামের মতো কিংবদন্তি ডেইলি মিরর-এ লেখা কলামে বিস্ময়ই প্রকাশ করেছেন, ‘যত দিন ধরে ইংল্যান্ডের খেলা দেখছি, কখনো ইংল্যান্ডের এমন বাজে পারফরম্যান্স দেখিনি।’ দল গঠনেই আসলে বড় গলদ দেখছেন বোথাম। অ্যালেক্স হেলসের মতো মারকুটে ব্যাটসম্যানকে একাদশের রাইরে রাখা ঠিক নয় বলে মনে করেন সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার।
বিশ্বকাপের মতো মঞ্চে দলের ভরাডুবি দেখে জিওফ বয়কট কি নীরব থাকতে পারেন? নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ডকে খড়কুটোর মতো উড়ে যেতে দেখে সাবেক অধিনায়ক এখন স্কটল্যান্ডের কাছেও হারের শঙ্কায় আছেন! বিবিসি রেডিওকে নিজের একটা পর্যবেক্ষণও জানিয়েছেন তিনি, ‘এমন পরাজয়ের আমি সত্যিই হতাশ। ইংল্যান্ড নিজেদের যতটা ভালো ভাবে, সম্ভবত অতটা ভালো নয়। তাদের আরও খাটতে হবে।’
জোনাথন ট্রটকে হারানো, পিটারসেনকে বাদ দেওয়া, কুককে অধিনায়কত্ব থেকে সরানো...এসব নিয়েও সমালোচনামুখর বয়কট। দলের সেরা ব্যাটিং লাইনআপ কী সেটিও ইংল্যান্ড ম্যানেজমেন্ট জানে না, এই দল ব্যাট করতে নামলে ভালো উইকেটও খারাপ হয়ে যায়! ‘ঠোঁটকাটা’ বয়কট এসব কথা বলতেও ছাড়েননি।
ডিজিটাল যুগে এসে ইংল্যান্ড নাকি অ্যানালগ ক্রিকেট খেলছে! এদিকে ‘ওয়েলিংটন বিপর্যয়ে’ গ্রুপ পর্ব থেকেই ইংল্যান্ডের বিদায়ের শঙ্কায় সাবেক অধিনায়ক পল কলিংউড। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাঁর হাত ধরেই ইংল্যান্ড জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সীমিত ওভারের ক্রিকেটে এটিই ইংল্যান্ডের একমাত্র বিশ্ব শিরোপা। সেই কলিংউডের চোখে নিউজিল্যান্ড ম্যাচটা ছিল ‘ভয়াবহ’।
তিনিও দল নিয়ে নানা সমালোচনার পাশাপাশি বলেছেন, ‘নিউজিল্যান্ড কাছে ইংল্যান্ডের এমন একতরফা হার আগে হয়েছে কি না মনে করতে পারছি না। অতীতে অনেক ম্যাচেই ইংল্যান্ডের বিপর্যয় দেখেছি, তবে কোনো বিশ্বকাপে এমন ম্যাচ আগে দেখিনি।’
দুঃস্বপ্নের এই ঘেরাটোপ থেকে ইংল্যান্ড বেরিয়ে আসবে এমন আশাও খুব একটা দেখছেন না সাবেক ক্রিকেটাররা। ঘুরে দাঁড়িয়ে সাবেকদের শঙ্কা দূর করতে পারবে মরগানের দল? এএফপি, ইএসপিএন।