সমালোচকদের অ্যামব্রোসের 'বাউন্সার'

ক্যারিয়ারে খুব বেশি একটা সংবাদমাধ্যমের সামনে কথা বলেননি। একটাই নীতি মেনে চলেছেন—‘কার্টলি টক টু নো ম্যান’। মুখে কথা বলার অবশ্য দরকারও ছিল না, যা বলার তা তো ২২ গজের পিচে বল হাতেই বলেছেন। তবে এখন আর চাইলেও তা সম্ভব নয়। অবসর নিয়েছেন ১৫ বছর আগে। তাই খুব ‘কষ্ট’ হলেও সংবাদমাধ্যমের সামনে আসতেই হচ্ছে অ্যামব্রোসকে। এখানে এসেও কিন্তু সেই একই মূর্তি সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান পেসারের। একইভাবে ‘বাউন্সার’ ছুড়ে গেলেন। তবে ক্রিজের অন্য পাশে দাঁড়ানো ব্যাটসম্যান নয়, এবার অ্যামব্রোসের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সমালোচকেরা।
গত কদিন ধরে বেশ সমালোচনা হচ্ছে অস্ট্রেলিয়া সফরে আসা ক্যারিবীয় দলটিকে নিয়ে। দুদিন পর হোবার্টে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, অথচ তাঁর আগে কেউ যেন পাত্তাই দিচ্ছে না হোল্ডার-ব্রাফেট-রোচদের! একটা ধারণা জন্মে গেছে, সদ্য সমাপ্ত ট্রান্স-তাসমান সিরিজে নিউজিল্যান্ডের সঙ্গে ২-০ ব্যবধানে জেতা অস্ট্রেলিয়া স্রেফ উড়িয়ে দেবে ওয়েস্ট ইন্ডিজকে। অবশ্য কারণও আছে। এমনিতেই দলটা তরুণ, আলাদা করে মনে পড়বে এমন কোনো পারফরমারও নেই। তার ওপর আবার সফরের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে হেরে গেছে ১০ উইকেটে। সব মিলিয়ে একটা সংশয় ঘিরে ধরেছে—ম্যাচ জেতা তো দূরে থাক, এই ওয়েস্ট ইন্ডিজ দাঁড়াতে পারবে তো অস্ট্রেলিয়ার সামনে?
এই সংশয়-সমালোচনাকেই উড়িয়ে দিলেন অ্যামব্রোস। ৫২ বছর বয়সী এই ক্যারিবীয় ফাস্ট বোলার এখন কাজ করছেন ওয়েস্ট ইন্ডিজ দলের বোলিং পরামর্শক হিসেবে। টেইলর-রোচদের সামর্থ্য সম্পর্কে একটা ভালো ধারণা আছে তাঁর। সেই ধারণা থেকেই তাঁর বিশ্বাস জন্মেছে—হোবার্ট টেস্টে জিতবে ওয়েস্ট ইন্ডিজই! আর তাতে সমালোচকেরাও গত কদিন ধরে করা সব সমালোচনা গিলতে বাধ্য হবেন। ক্যারিবীয় গ্রেটের কণ্ঠে প্রত্যয়ের সুর, ‘দিন শেষে আমরা যখন বেশ ভালো পারফর্ম করব, অস্ট্রেলিয়াকে হারাব, তখন ঠিকই সবাই সুর পাল্টাতে বাধ্য হবে।’ দলের ওপর বিশ্বাসটাও ফুটে উঠল অ্যামব্রোসের কথায়, ‘আমরা এখানে একটা কাজে এসেছি, এবং কাজটা বেশ ভালোভাবেই করব।’
ক্যারিয়ারে ৯৮ টেস্টে ৪০৫ উইকেট নিয়েছেন। যার মধ্যে এই অস্ট্রেলিয়াতেই (পার্থে) ১ রানে ৭ উইকেট নেওয়ার অবিশ্বাস্য কীর্তি তাঁর আছে। অস্ট্রেলিয়াতে আসা, এখানকার পেস-সহায়ক উইকেটে খেলাই তো ক্যারিবিয়ানদের জন্য প্রেরণার হতে পারে বলে মনে করেন অ্যামব্রোস। সঙ্গে যোগ হওয়া এই সমালোচনা হোল্ডারদের আরও তাতিয়ে দেবে বলে মনে করেন ক্যারিবীয় কিংবদন্তি, ‘এখানে খেলতে আসা-ই তো খেলোয়াড়দের জন্য প্রেরণার চেয়ে বেশি কিছু। আর এত সব মন্তব্য শোনা তো প্রেরণা হিসেবে একেবারে আদর্শ। আমরা ভালো করব, আপনারা যেমন ভাবেন তার চেয়েও অনেক বেশি ভালো করব।’
সমালোচনার জবাব দেওয়ার মিশনে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রেরণা হতে পারে অ্যামব্রোসদের উপস্থিতিও। অ্যামব্রোসের নতুন বলের সঙ্গী কোর্টনি ওয়ালশও আছেন এই দলে। তাঁর ভূমিকাটা নির্বাচকের। দেখা যাক, এই দুইয়ের উপস্থিতি ক্যারিবীয় ক্রিকেটারদের ভেতর অতীত অহংকার নতুন করে জাগিয়ে দিতে পারে কি না। সূত্র: এএফপি।