সমালোচনায় বিদ্ধ মুরস-মরগান

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার কাছে হারের পরই ছুরিতে শান দিয়ে রেখেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম। সেই ছুরির ধার থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় ছিল বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা জাগিয়ে রাখা। ইংল্যান্ড পারেনি। হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেছে। একই সঙ্গে রোষানলে পড়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম থেকে শুরু করে সাবেক খেলোয়াড়দেরও।
ঝড়টা সবচেয়ে বেশি যাচ্ছে কোচ পিটার মুরস আর অধিনায়ক এউইন মরগানের ওপর দিয়েই। দুজনকে বরখাস্ত করার দাবিও উঠেছে। তবে এই ঝড়ঝাপ্টার মধ্যেই দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মুরস-মরগান দুজনই। দুঃসময়ে কোচ-অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রধান পল ডাউনটন।
অ্যাডিলেডে পরশু বাংলাদেশের কাছে ১৫ রানে হারের পর থেকেই ক্ষোভে ফুঁসে উঠেছেন সাবেক ইংলিশ ক্রিকেটাররা। যার প্রতিফলন পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মরগানের দল নিয়ে কটাক্ষ আর বিদ্রূপে ছেয়ে গেছে টুইটার-ফেসবুক। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন টুইট করেছে, ‘প্রিয় ইসিবি, এটা হয়তো তোমাদের জন্য ভালো সময় নয়। তবে সুযোগ থাকলে দেশে ফেরার পথে আমাদের সঙ্গে একটা ম্যাচ খেলে যেয়ো। চ্যালেঞ্জ রইল।’ মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন লিখেছে, ‘ইসিবি, আমরা কখন তোমাদের সঙ্গে খেলতে পারি?’
ইয়ান বোথাম থেকে শুরু করে নাসের হুসেইন, অ্যান্ড্রু স্ট্রাউস, পল কলিংউড, কেভিন পিটারসেনরা টুইটারে ধুয়ে দিচ্ছেন ইংল্যান্ড দলকে। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগান লিখেছেন, ‘কী ভয়াবহ লজ্জা! ডাউনটন আর মুরস তাদের নির্বুদ্ধিতা দিয়ে ইংলিশ ক্রিকেটকে খাদে নিয়ে ফেলেছে। আমি চাই এখনই ডাউনটন আর মুরসকে বরখাস্ত করা হোক এবং পিটারসেনকে দলে ফেরানো হোক।’
কোচ ও অধিনায়ককে বরখাস্তের দাবিতে সরব ব্রিটিশ সংবাদমাধ্যমও। তবে এখনই দায়িত্ব ছাড়তে রাজি নন মুরস কিংবা মরগান। পরশু হারের পরই ইংল্যান্ড কোচ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি দায়িত্ব পালন করে যেতে চাই। এটা আমার সিদ্ধান্ত নয়। তবে আশা করছি আমি থাকব।’ শুধু নিজের ব্যাপারে নয়, মুরস সাফাই গেয়েছেন অধিনায়কের হয়েও, ‘আমি তো মনে করি এউইন একজন দারুণ ওয়ানডে ক্রিকেটার। অধিনায়ক হিসেবে ওর শুরুটা ভালো হয়নি। কিন্তু ওর সামর্থ্য আছে ভালো অধিনায়ক হওয়ার।’
আইরিশ বংশোদ্ভূত মরগানের ভবিষ্যৎ নিয়ে কিছু না বললেও মুরসকে কোচ হিসেবে রেখে দেওয়ার পক্ষপাতী ইসিবি প্রধান ডাউনটন, ‘মুরসের ওপর আমার পুরো আস্থা আছে। যাকেই দায়িত্ব দেওয়া হতো, তার জন্যই কাজটা কঠিন ছিল। আমরা ওকে দায়িত্বটা দিয়েছি, কারণ সে অভিজ্ঞ।’ পুনর্গঠনের জন্য কিছুদিন সময় লাগবে বলেও মনে করেন ডাউনটন, ‘খুব বেশি দিন হয়নি কোচ ও অধিনায়ক দায়িত্ব নিয়েছে। নিউজিল্যান্ড দলটার দিকে তাকান। দুই বছর আগে তারা কোথায় ছিল আর এখন কোথায়। সবকিছুরই সময় লাগে, এর কোনো সোজাসাপ্টা পথ নেই।’ এএফপি, রয়টার্স।