হোবার্ট টেস্টের দ্বিতীয় দিনটা ভেসে গেছে বৃষ্টিতে। এটি অস্ট্রেলিয়ার জন্য স্বস্তির খবর। কিন্তু একই সঙ্গে প্রথম ইনিংসে ৮৫ রানে অলআউট হয়ে যাওয়ায় স্টিভেন স্মিথের দল ভেসে যাচ্ছে সমালোচনার বন্যায়ও।
কাল দ্বিতীয় দিনে পিচে বল পড়েনি একটিও। কিন্তু প্রথম দিনেই ৫ উইকেট হারিয়ে ৮৬ রানের লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সংবাদমাধ্যমের তোপে পড়েছে অস্ট্রেলিয়া দল। সান হেরাল্ড-এ ম্যালকম নক্স অস্ট্রেলিয়ার আগের কয়েকটি ব্যাটিং ধসের কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন, ‘কেপটাউন, বার্মিংহাম, নটিংহাম, গলের পর এখন হোবার্ট। মনে হচ্ছে যুদ্ধে হারার আগে একটার পর একটা শহরের পতন হচ্ছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট-বিপর্যয়ের উপলব্ধি খুব কাছে চলে এসেছে।’ আরেক ক্রিকেটলেখক গ্রেগ বাম লিখেছেন, ‘এই ধস খুবই অনুমিত ছিল। ব্যাটসম্যানদের কেউ কেউ ছিলেন অসহায়, কেউ ছিলেন দুর্ভাগা। একজন, আরও নির্দিষ্ট করে বললে প্রথমজন (ডেভিড ওয়ার্নার) তো খেলেছেন একেবারে অবিবেচকের মতো।’
এমন ব্যাটিং করলে সামনের অ্যাশেজে অস্ট্রেলিয়াকে লজ্জাজনকভাবে হারতে হবে—লিখে দিয়েছে অনেক অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম। কারও কারও দাবি দক্ষিণ আফ্রিকার সিরিজের জন্য যথেষ্ট প্রস্তুতিই নেয়নি অস্ট্রেলিয়া। এই দাবিটা অবশ্য কালই উড়িয়ে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড, ‘আমার মনে হয় না প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়া দল কোনো অভিযোগ করতে পারবে। দক্ষিণ আফ্রিকা যতটা প্রস্তুতি নিয়েছে আমরাও ততটাই নিয়েছি। দুটি দলের একই রকম সূচি ছিল।’
অবশ্য সব সমালোচনার জবাব দিতে চেষ্টার কমতি রাখছেন না অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা। অধিনায়ক স্টিভেন স্মিথ এরই মধ্যে সব সতীর্থকে একটা বার্তা দিয়েছেন বিশেষ বৈঠক করে। কী সেটা? এবিসি চ্যানেলকে পেসার মিচেল স্টার্ক বলেছেন সেটি, ‘একটা কথা সে আমাদের সবাইকে বলেছে, দরকার হলে যদি কুৎসিতভাবে রান করতে হয়, সেটা করেও খুশি থাকতে হবে। সব সময় ব্যাট হাতে দারুণ খেলতে হবে, এমন কোনো কথা নেই। স্কোরবোর্ডে রান জমা করাটাই বড় কথা।’ এএফপি, রয়টার্স।