সমুদ্রতটে বাংলাদেশকে পাহাড় দেখাচ্ছে শ্রীলঙ্কা

বাংলাদেশকে অলআউট করতে তো তিন সেশনই যথেষ্ট! হয়তো শ্রীলঙ্কার ভাবনা এমনটাই। হয়তো চা বিরতির পর আরও একঘণ্টা ব্যাটিং করে শেষ বিকেলে বাংলাদেশকে নামিয়ে দিতে চায় তারা। চতুর্থ দিনের দ্বিতীয় সেশন শেষে শ্রীলঙ্কার রান ৫ উইকেটে ২৪৭। বাংলাদেশের চেয়ে এখনোই এগিয়ে ৪২৯ রানে। এই দুই ঘণ্টায় ১৬০ রান! তবু ইনিংস ঘোষণা করেনি শ্রীলঙ্কা! এখনো শ্রীলঙ্কার ব্যাটিংয়ের কোনো মানে খুঁজে পাওয়া যাচ্ছে না!
শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ইনিংসে ৪১৩ রানের রেকর্ড আছে বাংলাদেশের। সে জন্যই শ্রীলঙ্কা নিরাপদে হাঁটছে ভাবলে ভুল করবেন। কিংবা বদলি অধিনায়ক বলে রঙ্গনা হেরাথ সাহস পাচ্ছেন না সেটাও কোনো কারণ হতে পারে না। বাংলাদেশের সর্বস্ব শুষে নেওয়ার পণ করেছে বলেই শ্রীলঙ্কা এখনো ব্যাটিং করে যাচ্ছে। না হলে, গলে চতুর্থ ইনিংসে তাড়া করে জয়ের রেকর্ড কত জানেন? ৯৯ রান!
সর্বোচ্চ রানের রেকর্ড অবশ্য এর চেয়ে অনেক বেশি। ৩০০ রান করেও পাকিস্তান হেরেছিল সে ম্যাচে। দুই শ রানের ইনিংসই আছে মাত্র সাতটি। এর মধ্যে পাঁচটি ম্যাচেই হেরেছে দলগুলো। বাংলাদেশের লক্ষ্যটা এর চেয়েও অনেক অনেক বড়। বিরতির পরও ব্যাটিংয়ে নামলে বাংলাদেশকে করতে হবে ৪৩০ রান! বিশ্ব রেকর্ড করে জয়ের কথা তো দূরে থাক ম্যাচ বাঁচানো নিয়েই সন্দিহান বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে বাংলাদেশ একদম খালি হাতে যায়নি। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ দুজনই দুটি করে উইকেট পেয়েছেন। কিন্তু তাও শ্রীলঙ্কার রান বন্যা থামেনি। মিরাজের বলে বোল্ড হওয়ার আগে করেছেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। তবে সেশনের হাইলাইটস হয়ে থাকবে লিটন দাসের ক্যাচটি। মিরাজের বলে দারুণ রিফ্লেক্সে নিরোশান ডিকভেলার ক্যাচটি নিয়ে উইকেটরক্ষক হিসেবে নিজের প্রমাণ দিলেন লিটন।