সমুদ্রতটে মাসুদ-মেহরাবদের কেউ হারেননি

সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যালে (এমসিসি) গতবার চ্যাম্পিয়ন হয়েছিল খুলনা। এবার তারা ফাইনালেই উঠতে পারেনি। তবে যারা ফাইনাল খেলেছে, তাদের কেউই হারেনি! বৃষ্টিবাধায় ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যালের শিরোপা ভাগাভাগি হয়েছে একমি রাজশাহী ও এক্সপো অল স্টারসের মধ্যে। যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে একমি রাজশাহী-এক্সপো অলস্টারস। কক্সবাজারে সমুদ্রঘেঁষা শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে মাস্টার্স ক্রিকেটে চার দিন ধরে বসেছিল সাবেক ক্রিকেটারদের এই মিলনমেলা।
টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা অলস্টারসের মেহরাব হোসেন ও এহসানুল হকের উদ্বোধনী জুটিতে আসে করে ২৪ রান। ২৩ রান করে মঞ্জুরের বলে আউট হন বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব। তবে অন্য প্রান্তে এহসান টিকে থাকেন আরও কিছুক্ষণ। দ্বিতীয় উইকেটে রাশিদুল হক সুমনকে নিয়ে গড়েন ৫২ রানের জুটি। ২৪ রানে এহসান ফিরলেও সুদূর রহমান মুকুলকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন সুমন। সুমন অপরাজিত ছিলেন ৪২ বলে ৫০ রান করে। নির্ধারিত ১৫ ওভারে অলস্টারসের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৩৪।
অলস্টারসের ইনিংস শেষ হওয়ার পরই নামে বৃষ্টি। এক ঘণ্টার বিরতিতে খেলা শুরু হলে ব্যাটিং করতে নামে খালেদ মাসুদের রাজশাহী। রাজশাহীর রান যখন ২.৩ ওভারে ১ উইকেটে ২১, তখন আবারও বৃষ্টি হানা। বৃষ্টি থামলেও মাঠ খেলার অনুপযোগী থাকায় দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
এমসিসি মানে বাংলাদেশ ক্রিকেটের অতীত ইতিহাস বর্তমানে চলে আসা। জয়পরাজয় ছাপিয়ে এই টুর্নামেন্টের মূল সুর এটাই। একক শিরোপার নিষ্পত্তি না হলেও সে লক্ষ্যটা পূরণ হয়েছে বেশ ভালোভাবেই।