সম্প্রীতির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন ক্রিকেট ম্যাচ এর আগে কখনো হয়নি। মাঠে যাওয়ার আগে একদল টিম বাসে গাইলেন স্তোত্রগীত। আরেক দল করলেন আল্লাহর কাছে প্রার্থনা। মাঠের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ ছিল। কিন্তু ছিল না জয়-পরাজয় নিয়ে কোনো মাথাব্যথা। থাকবে কী করে, ম্যাচটির উদ্দেশ্য যে মহৎ। গত পরশু প্রথমবারের মতো রোমের কাপানেলে ক্রিকেট মাঠে ভ্যাটিকান ক্লাব মুখোমুখি হলো মুসলিম মাউন্ট সিসি ক্লাবের। ম্যাচটিতে শেষ মুহূর্তের নাটকীয়তায় সামান্য ব্যবধানে জিতেছে স্বাগতিক ভ্যাটিকান দল। তবে দলটির ম্যানেজার ইমন ও’হিগিন্সের কাছে জয়-পরাজয় ছাপিয়ে বড় হয়ে উঠল আন্তসম্প্রদায় সম্প্রীতি, ‘কে জিতল বা হারল সেটি নয়, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ক্রিকেটের মাধ্যমে সম্প্রীতির সেতুবন্ধ করাই এর উদ্দেশ্য।’ মুসলিম ক্লাবটির সভাপতি হানিফ মায়েতও উচ্ছ্বসিত এমন একটি ম্যাচে অংশ নিতে পেরে। আগামী বছর ফিরতি ম্যাচ খেলতে ইংল্যান্ডে যাবে ভ্যাটিকান। এএফপি।