সম্ভাবনা জাগিয়েও মেয়েদের হার

শেষের পরও পুনশ্চ থাকে। শফিকুল হক যেন সেটাই দিয়ে দিলেন মুঠোফোনে। করাচি থেকে কাল রাতে হতাশা নিয়ে বলছিলেন, ‘ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল।’
টি-টোয়েন্টি সিরিজের পর কাল করাচির সাউথ এন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মেয়েদের দুই ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ ওভার পর্যন্ত লড়াইয়ের পর প্রথম ম্যাচে ২০ রানের হার ওই আফসোসটা এনে দিচ্ছে বাংলাদেশ মহিলা দলের ম্যানেজারের কণ্ঠে।
পাকিস্তানের মেয়েদের ২১৪ রানে অলআউট করে দিয়েছিলেন সালমারা। সালমার নামটা শুধু অধিনায়ক বলেই আসছে না। ১০ ওভারে দুই মেডেনসহ ৩ উইকেট নিয়ে সেরা বোলিংও তাঁর। অন্যদিকে পাকিস্তানকে দুই শ ছাড়ানো স্কোর এনে দেওয়ার কৃতিত্বটা বিসমাহ মারুফের। লতার বলে আউট হওয়ার আগে ১২৮ বলে করেছেন ৯২, বাউন্ডারি ৮টি। মাত্র ৮ রানের জন্য ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির দেখা না পাওয়ার দুঃখ থাকবেই, তবে ৯৯ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর পাকিস্তানকে এত দূরে নিয়ে যাওয়ার তৃপ্তি কিছুটা সান্ত্বনা হতে পারে এতে। এর আগে বাংলাদেশের সালমা ও ফাহিমা ৩৮ রানে পাকিস্তানের দুই ওপেনারকেই ফিরিয়ে দেওয়ার পর তৃতীয় উইকেটে নাইন আবিদির সঙ্গে ৬১ রানের জুটি গড়েন বিসমাহ।
দুটি টি-টোয়েন্টিতেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। ৯২ রানের সঙ্গে বল হাতে ১ উইকেট নিয়ে কালও বিসমাহর হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। বাংলাদেশ জিতলে সেটা উঠতে পারত রুমানা আহমেদের হাতেও। বিসমাহর একমাত্র শিকারে পরিণত হওয়ার আগে ৯৭ বলে ৪ বাউন্ডারিতে করেছেন ৭০। কিন্তু একা কি আর ম্যাচ জেতানো যায়! ৩৫তম ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান তোলা পর্যন্ত যা-ও একটু সম্ভাবনা ছিল, সেটি পুরোপুরি উবে গেছে পরের ৬ ওভারে। যখন ২১ রানের মধ্যে পড়ে গেছে ৩ উইকেট। ৪৪ রানের অষ্টম উইকেট জুটিতে জাহানারাকে (২৩) নিয়ে একটা শেষ চেষ্টা অবশ্য করেছেন রুমানা। ৪৯তম ওভারে রুমানা আউট হয়ে যাওয়ার পরই অবশ্য ক্ষীণতম সম্ভাবনাটুকুরও মৃত্যু। সান্ত্বনা একটাই, কালকের ১৯৪ ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় সর্বোচ্চ রান।
ম্যানেজার শফিকুল হক ব্যাটসম্যানদের চেষ্টা আর বোলারদের আক্রমণাত্মক মানসিকতার প্রশংসাই করলেন। তবে অসন্তোষ প্রকাশ করলেন অধিনায়ক সালমার ফিল্ডিং সাজানো নিয়ে, ‘টি-টোয়েন্টিতে আমাদের ব্যাটিং বাজে হলেও আজ (গতকাল) ভালো হয়েছে। তবে ফিল্ডিং সাজানোয় গলদ ছিল। এ নিয়ে ড্রেসিংরুম থেকে কয়েকবার বার্তা পাঠালেও অধিনায়ক সেটা শোনেননি।’
আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে। বাংলাদেশ মহিলা দলের দেশে ফেরার কথা ৭ অক্টোবর।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান মহিলা দল: ৪৯.৫ ওভারে ২১৪ (বিসমাহ ৯২, নাইন ২৭, নিদা ২১, জাভেরিয়া ২১; জাহানারা ০/২৩, লতা ১/২৫, নাহিদা ১/৩৯, সালমা ৩/৩১, কুবরা ১/৩৪, ফাহিমা ১/৪২, রুমানা ০/১৪, রিতু ০/৪)। বাংলাদেশ মহিলা দল: ৫০ ওভারে ১৯৪/৯ (শারমিন ৫, শামীমা ২৪, ফারজানা ২৬, লতা ১৬, রুমানা ৭০, সালমা ৩, রিতু ৭, ফাহিমা ২, জাহানারা ২৩, নাহিদা ২*, কুবরা ১*; আনাম ৩/২৫)। ফল: পাকিস্তান মহিলা দল ২০ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: বিসমাহ মারুফ।