সম্ভাবনা দেখছেন তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম ইকবাল
তামিম ইকবাল

প্রতিপক্ষ ভারত হলেই তামিম ইকবালের সামনে অবধারিতভাবে ফিরে আসে ২০০৭ বিশ্বকাপের স্মৃতি। পোর্ট অব স্পেনে ডাউন দ্য উইকেটে জহির খান-মুনাফ প্যাটেলদের উড়িয়ে মারার দৃশ্য তো বাংলাদেশের ক্রিকেট-রূপকথার অংশ।
কাল এশিয়া কাপের ফাইনালের সঙ্গে ওই ম্যাচটা কতটা তুলনীয়, তা নিয়ে তর্ক হতে পারে। তবে ম্যাচটা যেহেতু ভারতের বিপক্ষে, পেছনের ইতিহাস তামিমকে আত্মবিশ্বাসের রসদ জোগাতেই পারে। টেস্টে এই ভারতের বিপক্ষে আছে ১৫১ রানের দুর্দান্ত একটা ইনিংস আছে তাঁর (২০১০ সালে ঢাকা টেস্টে)। ওয়ানডেতে কখনো তিন অঙ্ক ছোঁয়া না হলেও আছে ৬টি হাফ সেঞ্চুরি। তামিমের ফিফটি বাংলাদেশের দলের জয়ে কতটা অবদান রাখে, ভারত সেটা বুঝেছে তিনবার।
যদিও সংস্করণ আলাদা। তবুও মহারণের আগে ভারতের বিপক্ষে গৌরবের সেই স্মৃতিটা কি অনুপ্রাণিত করবে না তামিমকে? বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার আশার কথাই শোনালেন, ‘ভারতের বিপক্ষে ভালো কিছু ইনিংস খেলার স্মৃতি অবশ্যই মনে পড়বে। একটা জিনিস বিশ্বাস করি, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, নিজেদের মতো খেললে যেকোনো দলকেই হারাতে পারি। যা আমরা প্রমাণ করেছি। ভারতকে সর্বশেষ সিরিজে (গত জুনে) হারিয়েছি। যদিও সেটা অন্য সংস্করণ ছিল, তারপরও ভুল যদি কম করি, এবারও ভালো সম্ভাবনা আছে।’
এবার এশিয়া কাপ খেলারই কথা ছিল না তামিমের। ব্যাংককে স্ত্রী-সন্তানের পাশেই থাকার কথা ছিল। কিন্তু সময় বড় রহস্যময়। পরিস্থিতি তাঁকে হঠাৎই দাঁড় করিয়ে দিয়েছে নতুন চ্যালেঞ্জের সামনে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে খুব একটা অনুশীলনের সুযোগ পাননি। ম্যাচেও তামিমের ব্যাট থেকে আসেনি বড় ইনিংস। তবে ফাইনালের আগে নিজেকে তৈরি করার সময় পাচ্ছেন বেশ। তামিম তাই বললেন, ‘শেষ ম্যাচে একটু নার্ভাস ছিলাম। ১০-১২ দিনের বিরতি হলে ভালো খেলাটা একটু কঠিন। তবে ফাইনালের আগে দু-তিনটি অনুশীলন সেশন পাচ্ছি। ব্যক্তিগতভাবে এটা ভালো হয়েছে।’
তামিমকে আরও আত্মবিশ্বাসী করতে পারে সাম্প্রতিক ফর্ম। ২০১৫ বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের সব সংস্করণেই দারুণ ফর্মে রয়েছেন তিনি। নভেম্বর-ডিসেম্বরে বিপিএলটা ভালো গেছে। পিএসএল তো খুবই ভালো গেছে—৬ ম্যাচে ৬৬.৭৫ গড়ে করেছেন ২৬৭ রান। তামিম চান ফাইনালেও ছন্দটা থাকুক, ‘ফর্মে থাকলে আত্মবিশ্বাস বাড়ে। মানসিকভাবেও ভালো অবস্থায় থাকা যায়। চেষ্টা করব, ফর্মটা জাতীয় দলেও ধরে রাখতে।’
এশিয়া কাপ তামিমের কাছে পয়মন্ত এক টুর্নামেন্ট। এর আগে তিনটি এশিয়া কাপ খেলা তামিম ১২ ম্যাচে ৪৩.০৮ গড়ে করেছেন ৫১৭ রান, যেটি বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ। অবশ্য সেগুলো ছিল ৫০ ওভারের ম্যাচ। এবার সংস্করণ আলাদা, কিন্তু পুরোনো রেকর্ড তামিমকে আশাই দেয়।