সম্ভাবনা দেখছেন না শোয়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছরের খরাটা এবার কেটে যেতে পারত। পিসিবির সঙ্গে বিসিসিআইয়ের সমঝোতা চুক্তি অনুযায়ী আগামী ডিসেম্বরে আরব আমিরাতে হওয়ার কথা ছিল অনেক অপেক্ষার ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ। কিন্তু দুই দেশের সীমান্ত সংঘাতে সিরিজের ভাগ্য এখন অনেকটাই অনিশ্চিত। পিসিবি সভাপতি শাহরিয়ার খান এখনো সম্ভাবনা বাতিল করে দেননি। তবে শোয়েব আখতারের মত, এই পরিস্থিতিতে ডিসেম্বরের সিরিজটা স্থগিত করা উচিত।
পিসিবির সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি অনুসারে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ছয়টি সিরিজ হওয়ার কথা। যার প্রথমটি নির্ধারিত সামনের ডিসেম্বরেই। কয়েক দিন আগেই ওয়াসিম আকরাম বলেছিলেন, ক্রিকেটকে রাজনীতির সঙ্গে জড়ানো উচিত নয়। কিন্তু সীমান্তে দুই দেশের চলমান উত্তেজনায় শোয়েব সিরিজের কোনো সম্ভাবনাই দেখেন না, ‘সবাই জানে রাজনীতি থেকে খেলাটা দূরে থাকাই উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সীমান্তে এখন অস্থিরতা অনেক বেশি। দুই দেশের টেস্ট খেলার জন্য সময়টা ঠিক নয়।’
অস্থিরতা দূর হওয়ার পরই সিরিজটা হওয়া উচিত বলে মনে করেন শোয়েব, ‘আমি বলব, অস্থিরতার পর যখন ভারত-পাকিস্তানের সর্বোচ্চ কর্তৃপক্ষ আলোচনার জন্য প্রস্তুত হবে, ক্রিকেটই হবে সবচেয়ে আদর্শ সেতুবন্ধ। এখন দুটি দল বিশ্বের অন্যতম সেরা। ক্রিকেটের স্বার্থেই দুই দলের খেলা উচিত।’ আইএএনএস, ডন।