সম্ভাবনাময় তাইজুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলে স্বপ্নের মতো অভিষেক, জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ড আর ওয়ানডে অভিষেকে ইতিহাস গড়ে হ্যাটট্রিক। মাত্র ৫ টেস্ট ও ১ ওয়ানডের ক্যারিয়ারেই তাইজুল ইসলাম মুগ্ধ করেছেন সবাইকে। এতটাই যে, তাঁকে ক্রিকেটে আগামী বছরের সবচেয়ে সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন বার্তা সংস্থা এএফপির ক্রীড়া লেখকেরা। বিভিন্ন খেলায় আগামী বছরের সম্ভাবনাময় ছয় তরুণকে বেছে নিয়েছেন তাঁরা। যেখানে ফুটবলার হিসেবে আছেন পালের্মোর আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা, যুক্তরাষ্ট্রের গলফার ব্রুকস কোপকা, ক্রোয়েশিয়ান টেনিস খেলোয়াড় বরনা কোরিচ, কানাডিয়ান বাস্কেটবল খেলোয়াড় অ্যান্ড্রু উইগিনস ও ফরাসি রাগবি খেলোয়াড় টেডি থমাসও।

আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকেই চমক দেখিয়েছিলেন তাইজুল। ক্যারিবীয়দের বিপক্ষে সেন্ট ভিনসেন্ট টেস্টে ৫ উইকেট। তবে রেকর্ড বইয়ে নাম তুলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে। একাই ৮ উইকেট নিয়ে গড়েছেন টেস্টে বাংলাদেশের হয়ে ইনিংস-সেরা বোলিংয়ের রেকর্ড। আর ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করে তো জায়গা করে নিয়েছেন ক্রিকেট ইতিহাসেই। এএফপি।