সময় বাড়ল টি-টোয়েন্টির
অধিনায়কদের জন্য খবরটা স্বস্তিরই। টি-টোয়েন্টি ক্রিকেটে ওভার রেটের লক্ষ্য ছোঁয়ার তাড়াটা কিছুটা হলেও কমবে এখন থেকে। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী টি-টোয়েন্টির প্রতিটি ইনিংসের সময় ৮০ মিনিট থেকে বাড়িয়ে ৮৫ মিনিট করা হয়েছে। একটা স্বস্তির খবর আছে আম্পায়ারদের জন্যও। ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) এখন থেকে চাইলে ‘স্নিকোমিটার’ ব্যবহার করতে পারবেন তৃতীয় আম্পায়াররা। ২০১৪-১৫ মৌসুমের জন্য আইসিসি অনুমোদিত এ নতুন নিয়ম কার্যকর হবে ৫ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজেই।
এই দুটি পরিবর্তন ছাড়াও আগামী এক বছরের জন্য ক্রিকেটের আইন-কানুনে ছোটখাটো কিছু পরিবর্তনও এনেছে আইসিসি। বাহ্যিক চোট ছাড়া অন্য কোনো কারণে ২ ওভারের বেশি বাইরে থাকার জন্য সর্বোচ্চ দুই ঘণ্টার টাইম পেনাল্টি রাখা হয়েছে। আগের নিয়মে, একজন খেলোয়াড় যত ওভার মাঠের বাইরে থাকতেন, আবার মাঠে ঢোকার পর তাঁকে বোলিং করার জন্য ঠিক ওইটুকু সময় অপেক্ষা করতে হতো। ব্যাটিংয়ের ক্ষেত্রে ওইটুকু সময় অথবা দলের ৫ উইকেট পড়া, যেটি আগে হয় সেই পর্যন্ত অপেক্ষা করতে হতো। এখন একজন খেলোয়াড় যতক্ষণই মাঠের বাইরে থাকুন না কেন, ব্যাটিং কিংবা বোলিং করার জন্য তাঁকে সর্বোচ্চ দুই ঘণ্টা অপেক্ষা করতে হবে। একটা ইনিংসে এই টাইম পেনাল্টি শেষ না হলে সেটা পরের ইনিংসের জন্যও প্রযোজ্য হবে।
এ ছাড়া টসের আগেই সর্বোচ্চ চারজন বদলি খেলোয়াড়ের নাম ম্যাচ রেফারির কাছে জমা দিতে হবে অধিনায়ককে। ওই চারজনের বাইরে অন্য কেউ বদলি হিসেবে মাঠে নামতে পারবেন না। ক্রিকইনফো।