সময় হলো মাঠে ফেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শীতের মৌসুম। ঘোরাঘুরির দারুণ সময়। জিম্বাবুয়ে সিরিজ ও বিপিএলের পর ছুটিটা দারুণই গেল খেলোয়াড়দের। কেউ ছুটি কাটাতে গিয়েছিলেন বিদেশে, কেউ দেশেই কাটিয়েছেন এক খণ্ড অবসর। তবে সময় হয়ে এল ‘আড়মোড়া ভাঙা’র।
অনুশীলন ক্যাম্পের জন্য এরই মধ্যে ঘোষণা করা হয়েছে ২৭ জনের প্রাথমিক দল। ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সে ক্যাম্পে যোগ দিতে ফিরতে শুরু করেছেন খেলোয়াড়েরা। তামিম ইকবাল-সৌম্য সরকারের মতো কয়েকজন ছুটিয়ে কাটিয়ে আগেভাগেই চলে এসেছেন ঢাকায়। মাশরাফি বিন মুর্তজা সপরিবারে থাইল্যান্ডে থেকে দেশে ফিরেই চলে গেছেন নড়াইলে। কাল পর্যন্ত সেখানেই ছিলেন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। তবে আজই ঢাকায় ফেরার কথা মাশরাফি বিন মুর্তজার।
অধিনায়কের মতো কাল পর্যন্ত যাঁরা ছিলেন ঢাকায় বাইরে, তাঁদেরও আজ ফেরার কথা। সাকিব আল হাসান অবশ্য অনুশীলনে যোগ দেবেন আরও পরে। স্ত্রী-কন্যার সঙ্গে সময় কাটিয়ে এই অলরাউন্ডারের ফেরার কথা এ সপ্তাহের শেষের দিকে।
কাল অনুশীলনের প্রথম দিনেই খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে ট্রেনার মারিও ভিল্লাভারায়ানের কাছে। প্রথম দুই দিন চলবে ফিটনেস ট্রেনিং। স্কিল ট্রেনিং শুরু হবে ৫ জানুয়ারি থেকে। এর আগেই অর্থাৎ ৩-৪ তারিখের মধ্যেই চলে আসার কথা কোচ চন্ডিকা হাথুরুসিংহসহ বাকি কোচিং স্টাফদের।
সামনের তিন মাস ঠাসা সূচি বাংলাদেশের। ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। ৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এসবের আগে অবশ্য এ মাসেই ঘরের মাঠে বাংলাদেশ খেলবে আরও একটি টি-টোয়েন্টি সিরিজ। প্রতিপক্ষ হতে পারে শুধুই জিম্বাবুয়ে কিংবা জিম্বাবুয়ের সঙ্গে থাকতে পারে তৃতীয় কোনো দল। দারুণ একটি বছর পার করা বাংলাদেশ পারবে নতুন বছরেও দুর্দান্ত কিছু করতে?
নতুন বছরের প্রত্যাশা নিয়ে এখনই কিছু বলতে চান না মাশরাফি, ‘আসলে আগাম কিছু বলতে চাই না। চেষ্টা করব ভালো কিছু করার। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
২০১৫ সালে বাংলাদেশের একের পর এক সাফল্যের অন্যতম নায়ক ছিলেন মুস্তাফিজুর রহমান। নতুন বছরে বাঁহাতি পেসারের লক্ষ্য একই ছন্দ ধরে রাখা, ‘আল্লাহ ভালো কিছুর করার সুযোগ দিয়েছে, করেছি। তবে ভাবিনি, ২০১৫ সালটা এত ভালো যাবে। চেষ্টা করব নতুন বছর আরও ভালো করতে। বাকিটা ওপরওয়ালার ইচ্ছা।’
বিপিএলে নজরকাড়া পারফরম্যান্সে প্রাথমিক দলে ঢুকে পড়া আবু হায়দারের অভিজ্ঞতা অবশ্য ভিন্ন। প্রথমবারের মতো বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পেলেন। পরশু যখন কথা হলো বাঁহাতি পেসারের সঙ্গে, উচ্ছ্বাসের ঢেউটা ধরা পড়ল তাঁর কণ্ঠে। ৩ জানুয়ারি তারিখটির জন্য যেন তর সইছে না তরুণ বাঁহাতি পেসারের, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে আসছি, জাতীয় দলে খেলব। সে স্বপ্ন পূরণের কাছাকাছি আছি মনে হয়। স্বপ্নটা তখনই পূরণ হবে যখন বাংলাদেশ দলের হয়ে মাঠে নামতে পারব। ৩ তারিখের অপেক্ষায় আছি।’