সময়টা উপভোগের চেষ্টা করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল স্টেইন
ডেল স্টেইন

আহ! অবশেষে সিডনির সৈকতে অবগাহন করতে পারছি! শুধু তা-ই নয়, সার্ফবোর্ডেও চড়ার অভিজ্ঞতা হয়ে গেছে। বন্ডি বিচ এর চেয়ে ভালোভাবে আমাদের স্বাগত জানাতে পারত না!
আমি তো একা নই, পুরো দলই উপভোগ করেছে। ভারতের কাছে হারের পর আসলে সবাই বুঝতে পারছিল না কী করবে। এরপর টিম ম্যানেজমেন্ট আমাকে ও ডেভিড মিলারকে সার্ফবোর্ড অভিযান দেখভালের দায়িত্বটা দিয়েছে। সিদ্ধান্তটা কিন্তু খুবই ভালো হয়েছে। ডারবান থেকে এসেছে ডেভিড, ঢেউ ও সার্ফবোর্ডের সঙ্গে ওর দারুণ সখ্য। আর কেপটাউনের বাসিন্দা হিসেবে জলের সঙ্গে তো আমার মিতালি অনেক আগে থেকেই। একটু অমিল আছে অবশ্য, আমি ঠান্ডা পানিও সামলাতে পারি। সিডনি, তোমাকে অনেক ধন্যবাদ!
ক্রিস গেইলের ফর্মে ফেরাটা ছিল রীতিমতো দুর্দান্ত। গত ১২ ওয়ানডে ইনিংসে সে সম্ভবত ২০০ রানের কম করেছে, আর ১৩তম ওয়ানডেতে এসে ২১৫ রান করে বসেছে। তার পরও সে কিন্তু মানুষই। আমি ইনিংসটা দেখিনি, তবে শুনেছি প্রথম বলে এক সেন্টিমিটার এদিক-সেদিকের জন্য সে এলবিডব্লু হয়নি। খেলার মজাই কিন্তু এখানে।
তাই বলে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু মোটেই একজনের দল নয়। ওদের অনেক সম্ভাব্য ম্যাচ উইনার আছে। সবাইকেই আমরা সম্মান করি। আমাদেরও যে নেই তা নয়। সবাই এবি (ডি ভিলিয়ার্স) ও হাশকে (হাশিম আমলা) নিয়েই কথা বলে। তবে কুইন্টন ডি কক, ফাফ (ডু প্লেসি), জেপি (ডুমিনি) ও ডেভির (ডেভিড মিলার) প্রত্যেকেরই ম্যাচ বের করে নেওয়ার ক্ষমতা আছে।
ভারনন ফিল্যান্ডারকে হারানো বড় একটা আঘাত, কিন্তু একই সঙ্গে আরেকজনের জন্য এটা সুযোগও বটে। ওয়েইন পারনেল ভারতের সঙ্গে নিজের সেরাটা দিতে পারেনি, কিন্তু একাদশে থাকলে ও ৪০ রানে ৪ উইকেট নিতেই পারে। ওর ওই সামর্থ্য আছে।
কাইল অ্যাবট খুবই ধারাবাহিক। নিয়ন্ত্রণও অসাধারণ। সে হয়তো ভার্নের (ফিল্যান্ডারের) জায়গায় সুযোগ পেতে যেতে পারে। হয়তো আমরা বাড়তি একজন ব্যাটসম্যানও খেলাতে পারি। ফারহান বেহারডিয়েন সুযোগ পেতে পারে, ওর মিডিয়াম পেস বেশ আঁটসাঁট। বা আসতে পারে রাইলি রুশো (ও মাঝেমধ্যে অফ স্পিন করে)। এটা নির্বাচক, অধিনায়ক ও কোচ মিলে ঠিক করবে, আমার কোনো হাত নেই এখানে। তবে এটা বলতে পারি, যা-ই হবে সেটির ওপর আমাদের সবার পূর্ণ আস্থা থাকবে।
আমি এই টুর্নামেন্টটা উপভোগ করার পক্ষপাতী। মাঠে বা মাঠের বাইরে। এটাই তো সব টুর্নামেন্টের সেরা। এখানে আসতে সবাই অনেক খেটেছে, সেটা কারও ভুলে যাওয়া উচিত নয়। নিজের দেশের হয়ে খেলতে পারা অনেক বড় সম্মানের। হাজারো লোক এই আসরটাকে স্মরণীয় করতে পরিশ্রম করেছে ও করছে।
কোয়ার্টার ফাইনাল এখনো অনেক দূরের রাস্তা। আমার মনোযোগ শুধু নিজের কাজের ওপরই, সামনের কয়েক সপ্তাহে শুধু বল ও ওভারগুলো ঠিকঠাক করার চেষ্টা থাকবে আমার। মাঠের বাইরে সময়টাও উপভোগ করতে চাই। (গেমপ্ল্যান)