সময়টা কষ্টে কেটেছে মোসাদ্দেকের

ভাগ্যটা খারাপই বলতে হবে মোসাদ্দেক হোসেনের। গত মার্চে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টেই ৭৫ রান করে মুগ্ধতা ছড়ালেন। জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে ঝটপট ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দিলেন। আগস্টে দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে একাদশে থাকাটা যেখানে নিশ্চিত ছিল, চোখের সংক্রমণে সেই মোসাদ্দেক সিরিজটাই খেলতে পারেননি।
পুরোপুরি সেরে না ওঠায় মোসাদ্দেক ছিলেন না দক্ষিণ আফ্রিকা সফরেও। এবার বিপিএল দিয়ে অবশেষে ফিরছেন ২১ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার। দারুণ ছন্দে থেকেও শুধু চোটের কারণে বাংলাদেশ দলে না খেলাটা তাঁর জন্য যে কষ্টের ছিল সেটিই আজ বলছিলেন, ‘এটা প্রতিটি খেলোয়াড়ের জন্য কষ্টের একটা সময়। টিভিতে বসে খেলা দেখছি (বাংলাদেশ দলের), আমার কাছে অনেক কষ্টের ছিল সময়টা। কত তাড়াতাড়ি ফিরব, কবে দলে যোগ দেব, কোনো একটা টুর্নামেন্ট দিয়ে ফিরব, খুব তাড়া অনুভব করেছি। এটা আমার বড় সুযোগ। খুব দ্রুত ফেরার সুযোগ পেয়েছি। সামনে জাতীয় দলের হোম সিরিজ আছে। বিপিএল যদি ভালো যায় আবার জাতীয় দলে ফিরব আশা করি।’
এখনো বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়নি। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে দলগুলোর বিপিএল-প্রস্তুতি। ঢাকা ডায়নামাইটস অবশ্য আজই শুরু করেছে তাদের অনুশীলন। প্রথম দিনের অনুশীলন শেষে দলের অন্যতম ভরসা মোসাদ্দেক বললেন তাঁর চ্যালেঞ্জের কথা, ‘চ্যাম্পিয়নস ট্রফির পর থেকেই মাঠের বাইরে। আমার মূল চ্যালেঞ্জ ছন্দ ফিরে পাওয়া। যে ফর্মে থেকে শেষ করেছিলাম, সেখান থেকেই শুরু করতে চাই। গত বিপিএলে যেখানে শেষ করেছিলাম, এবারও সেখান থেকেই শুরু করতে চাই।’
কাগজে-কলমে এবারও শক্তিশালী দল হয়েছে ঢাকা। বর্তমান চ্যাম্পিয়নও তারা। শিরোপা ধরে রাখার ব্যাপারে মোসাদ্দেক বেশ আত্মবিশ্বাসী, ‘গতবারও জানতাম আমরা ভালো দল। আমাদের ওপর কোনো চাপ ছিল না। বরং যে খেলোয়াড়েরা আমাদের দলে খেলেছে তারা আমাদের অনুপ্রেরণা ছিল। এবারও তারা আছে। স্থানীয় ও বিদেশি খেলোয়াড়েরা যদি একসঙ্গে ভালো খেলতে পারে, তবে এবারও আমরা চ্যাম্পিয়ন হতে পারব।’