সরফরাজ যখন 'গেইলের ছেলে'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল এভাবেই ঝড় তুলেছিলেন ‘গেইলের ছেলে’! ছবি: বিসিসিআই
কাল এভাবেই ঝড় তুলেছিলেন ‘গেইলের ছেলে’! ছবি: বিসিসিআই

মুস্তাফিজুর রহমানের বোলিং দেখতে কাল অনেকের চোখ ছিল টিভি পর্দায়। দারুণ বোলিং করে মুস্তাফিজ সবার আশা পূরণ করেছেন। সবার নজর সেদিকে থাকলেও অন্য প্রান্তে থাকা সরফরাজ খানও কিন্তু বাধ্য করেছেন তাঁর দিকে তাকাতে। ১০ বলে ৩৫ রানের এক ঝড় তোলা এই ব্যাটসম্যানকে ক্রিস গেইল আবার বলছেন, ‘এ তো আমার ছেলে!’ 

মুস্তাফিজ–ঝলকের পরও কাল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রানের পাহাড় গড়েছিল। শুরুতে এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলিরা ঝড় তুলেছেন, তার পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন সরফরাজ। শেষ ওভারে মুস্তাফিজকে একটি চার ও ছক্কাসহ মোট ৫টি চার ও ২টি ছক্কার ইনিংসেই ২০০ পার হলো বেঙ্গালুরুর স্কোর। বেঙ্গালুরুর ইনিংসের পর টিভি ক্যামেরা খুঁজে নিল গেইলকে। কাল ব্যর্থ এক দিন পার করা এই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার দলের ব্যাটিং নিয়ে ছিলেন উচ্ছ্বসিত। বিশেষ করে সরফরাজের বিস্ফোরক ইনিংসটি!
কিছুদিন আগেই বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে গেছেন সরফরাজ। যেদিন গেইল ব্যর্থ হলেন, সেদিনই আঠারো বছরের এক তরুণের এমন ব্যাটিং! নিজের অর্ধেক বয়সী সতীর্থকে নিয়ে তাই একটু মজা করে নিলেন, ‘সরফরাজ আমার বন্ধু। সে আমার ছেলের মতো! সে আজ যেভাবে খেলল, অসাধারণ। একে নজরে রাখতে হবে।’
এক ইনিংসে ৩৫০ স্ট্রাইক রেট! আইপিএলের ইতিহাসেই কমপক্ষে ২৫ রানের ইনিংসগুলোতে স্ট্রাইক রেটের দিক দিয়ে এটি ষষ্ঠ। সরফরাজ যদি না–ও হন, তাঁর এই ইনিংসটা গেইলের দানবীয় ইনিংসগুলোর ‘সহোদর’ তো বটেই!