সরফরাজও সমীহ করছেন বাংলাদেশকে

দিন কয়েক আগে মোহাম্মদ হাফিজ জানিয়েছিলেন, বাংলাদেশকে মোটেই হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান। কাল একই সুর শোনা গেল পাকিস্তানের নতুন সহ-অধিনায়ক সরফরাজ আহমেদের কণ্ঠেও, ‘ওয়ানডে সিরিজে জিততে হলে পাকিস্তানকে নিজেদের সেরাটাই দিতে হবে।’
বিশ্বকাপে প্রথম চার ম্যাচে দলে উপেক্ষিত ছিলেন সরফরাজ। সেটি নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। দলে ফিরে সেটিকেই যেন যৌক্তিক প্রমাণ করেছেন, আয়ারল্যান্ডের সঙ্গে বিশ্বকাপে পাকিস্তানের একমাত্র সেঞ্চুরিটা তাঁরই করা। কয়েক ম্যাচ আগেই দলে যিনি থিতু ছিলেন না, সেই সরফরাজই এখন দলের সহ-অধিনায়ক। বাংলাদেশের সঙ্গে আসন্ন সিরিজে সেই দায়িত্বের প্রথম পরীক্ষা। ২৭ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান বাংলাদেশকে নিয়ে সতর্ক, ‘বাংলাদেশ বেশ ভালো করছে। ঘরের মাঠে তারা সব সময় ভালো করে, আমরা তাই ওদের হালকাভাবে নিচ্ছি না। নিজেদের সেরাটাই ঢেলে দিতে হবে আমাদের।’
বাংলাদেশের সঙ্গে এর আগে পাঁচটি ওয়ানডে খেলেছেন। সর্বোচ্চ রান ৪৬, তিনটিতেই ছিলেন অপরাজিত। এবার অবশ্য বড় ভূমিকাই রাখতে হবে সরফরাজকে। মিসবাহ, আফ্রিদি না থাকায় ওয়ানডের পাকিস্তান এখন অনেকটাই নবীন। তবে সরফরাজ আশাবাদী, তরুণেরা এই দুজনের অভাব বুঝতে দেবেন না, ‘তাঁরা (মিসবাহ ও আফ্রিদি) দলের মেরুদণ্ড ছিলেন। কিন্তু আমি নিশ্চিত ওঁদের জায়গায় যারা সুযোগ পাবে নিজেদের সেরাটাই ঢেলে দেবে।’
সরফরাজের সহ-অধিনায়ক হওয়াটা যত না বিস্ময়ের, দলের বাইরে থাকা আজহার আলীর হুট করে অধিনায়ক হয়ে যাওয়া তার চেয়েও বেশি। সরফরাজ নতুন অধিনায়কের ওপর আস্থা রাখছেন, ‘আজহার আমার ভালো বন্ধু। দুজনে মিলে দলকে এগিয়ে নিয়ে যাব। আমি সহ-অধিনায়কত্বের দায়িত্বটা বড় একটা সম্মান হিসেবেই দেখছি।’
১৩ এপ্রিল বাংলাদেশে আসছে পাকিস্তান। ১৭ এপ্রিল হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। এএফপি।