সরফরাজকে অপমানের ভিডিও দেখে কাঁদলেন স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরফরাজকে অপমানের ভিডিও দেখে কাঁদলেন স্ত্রী
সরফরাজকে অপমানের ভিডিও দেখে কাঁদলেন স্ত্রী
>

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে ‘মোটা’ বলে কটাক্ষ করে বানানো ভিডিও ছড়িয়ে দিয়েছিলেন এক সমর্থক। হোটেল কামরায় সেই ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি সরফরাজের স্ত্রী সৈয়দা খুশবখত শাহ

ভারতের কাছে হারের পর থেকেই পাকিস্তান দলকে কথার শূলে চড়িয়েছেন সমর্থকেরা। খেলোয়াড়দের পারফরম্যান্স তো বটেই খাদ্যাভ্যাস, ফিটনেস আর রাতে হোটেলের বাইরে যাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ শপিং মলে কেনাকাটা করতে গিয়েও শান্তি পাননি। সেখানে তাঁকে ‘মোটা’ বলে কটাক্ষ করে বানানো ভিডিও ছড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানের এক সমর্থক। পরে সেই সমর্থক ক্ষমা চাইলেও যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। কিন্তু কারও কাছে যেটা মজা, অন্যের কাছে সেটা রক্তাক্ত আঘাত। সেই ভিডিও দেখে ফুঁপিয়ে কেঁদেছেন সরফরাজের স্ত্রী সৈয়দা খুশবখত শাহ।

২০১৯ বিশ্বকাপের শুরুতেই সরফরাজকে সবচেয়ে ‘আনফিট’ অধিনায়ক বলেছিলেন পাকিস্তানের পেস কিংবদন্তি শোয়েব আখতার। এরপর ভারতের বিপক্ষে ম্যাচে হাই তোলা নিয়ে এখনো চলছে হাসি-ঠাট্টা। তবে শপিং মলে যা ঘটেছে তা সরফরাজের জন্য একটু বেশিই অপমানজনক। কেনাকাটার জন্য শপিং মলে গিয়ে দেখা হয় এক পাকিস্তানি সমর্থকের সঙ্গে। খেলোয়াড়দের সঙ্গে ভক্তদের দেখা হলে যেমন উষ্ণ পরিবেশ সৃষ্টি হয়, তা না হয়ে উল্টো ঘটেছে। একে তো সরফরাজকে মোটা বলেছেন, সঙ্গে আবার সেটি ভিডিও করেছেন। সরফরাজকে অপমান করার প্রমাণ রাখতে চেয়েছেন যেন! সেই ভিডিও পরে টুইটারে ছড়িয়ে দিলে সামাজিক মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। যদিও পরে তা মুছে ফেলতে বাধ্য হন সেই সমর্থক।

সরফরাজ এ ঘটনাকে ইতিবাচকভাবে দেখলেও তাঁর জীবনসঙ্গীর মেনে নিতে কষ্ট হয়েছে স্বাভাবিকভাবেই। ৩২ বছর বয়সী এ উইকেটরক্ষক হোটেলে নিজের কামরায় ফিরে দেখেন ভিডিওটি দেখে কাঁদছেন তাঁর স্ত্রী। সরফরাজ অবশ্য বুঝিয়ে শান্ত করেছেন। ক্রিকেট নিয়ে পাকিস্তানি সমর্থকদের আবেগ ও ভালোবাসা একটু বেশিই, এসব কথা বলে জীবনসঙ্গীকে বুঝিয়ে শান্ত করেছেন পাকিস্তান অধিনায়ক। ‘হোটেলে ফিরে দেখি আমার স্ত্রী ভিডিওটি দেখে কাঁদছে। তাকে বোঝানোর চেষ্টা করেছি, এটা সামান্য ভিডিও অথচ লোকের কাছে আমাদের কত কথা শুনতে হয়! এটা কোনো ব্যাপারই না, আমাদের শক্ত হতে হবে। এটা জীবনেরই অংশ। খারাপ খেললে এসবের মধ্য দিয়েই যেতে হবে’—আইসিসি ইনসাইডারকে বলেন সরফরাজ।

ভিডিওটি বেশির ভাগ মানুষই ভালোভাবে নেয়নি। স্বাভাবিকভাবে সমর্থকের বাড়াবাড়ি পছন্দ হয়নি সাবেক খেলোয়াড়দেরও। কামরান আকমল তো টুইট করে সেই সমর্থকের শাস্তির দাবিও তুলেছেন। তবে সরফরাজ সেই সমর্থকের বিপক্ষে কোনো ব্যবস্থা নেননি। ক্রিকেটের প্রতি পাকিস্তানি সমর্থকদের আবেগের মাত্রা ভালোই বোঝেন তিনি। আর তাই বিষয়টিকে ইতিবাচক চোখেই দেখছেন পাকিস্তান অধিনায়ক, ‘শুধু পরিবারের সদস্যরা নয়, ভিডিওটি যারা দেখেছে, তারাই এর বিপক্ষে প্রতিক্রিয়া জানিয়েছে। যারা টুইট ও বার্তা পাঠিয়ে সমর্থন দিয়েছেন তাঁদের ধন্যবাদ জানাই। আমরা সবার কাছেই কৃতজ্ঞ। সব সময় বলেছি পাকিস্তানি সমর্থকেরা আমাদের খুব ভালোবাসে। আমরা এটাও জানি, জিতলে তারা আমাদের সম্মান করবে, তেমনি হারলে রাগ করবেই। কারণ আমাদের কাছে তারা ভালো কিছু প্রত্যাশা করে।’