সরফরাজদের 'বাড়তি' আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানি খেলোয়াড়দের উচ্ছ্বাস। কাল দুবাইয়ে। ছবি-এএফপি।
পাকিস্তানি খেলোয়াড়দের উচ্ছ্বাস। কাল দুবাইয়ে। ছবি-এএফপি।

দুবাইয়ে গত রাতের ম্যাচের আগে পরিসংখ্যান ছিল এমন—টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ২৭ বার ১৫০-এর বেশি রান করেছে পাকিস্তান, ম্যাচ জিতেছে ২৪ বারই। কাল রাতেও আগে ব্যাট করে সরফরাজ আহমেদের দল করল ১৬০। এ মাঠে গড় রানের চেয়েও ২২ বেশি। জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে এ মাঠে সবচেয়ে বেশি রান সফলভাবে তাড়া করার রেকর্ড গড়তে হতো। আন্দ্রে ফ্লেচারের দল পারল না সেটি করতে। সোহেল তানভীরের দুর্দান্ত পেসের সামনে থেমে গেল ১৪৪ রানেই। একই মাঠে আগের ম্যাচটা পাকিস্তান জিতেছিল ৯ উইকেটে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটাও তাই পাকিস্তান জিতে নিল ২-০ ব্যবধানে এগিয়ে থেকে। 

এ বছর এপ্রিলেই শহীদ আফ্রিদিকে সরিয়ে তাঁকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছিল। এরপর এ নিয়ে টানা তিন ম্যাচ অপরাজিত সরফরাজ আহমেদের দল। এই আনন্দটা তো আছেই। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে যাওয়ায় সঙ্গে যোগ হয়েছে আরও একটা আনন্দও। ‘পাকিস্তান ক্রিকেটের জন্য একটা খুব ভালো লক্ষণ। আমরা বেশ উন্নতি করেছি এই সংস্করণে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জেতাটা তো দারুণ ব্যাপার’—ম্যাচ শেষে সেই বাড়তি উচ্ছ্বাসের কারণটা বললেন অধিনায়ক সরফরাজ।
দুর্দান্ত জয়ে সরফরাজ নিজেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৩২ বলে অপরাজিত ৪৬—দলের সর্বোচ্চ ইনিংসটাই অধিনায়কের। সঙ্গে খালিদ লতিফের ৩৬ বলে ৪০ ও শোয়েব মালিকের ২৮ বলে ৩৭ রান মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয় পাকিস্তান।
আগের ম্যাচে নিদারুণভাবে ব্যর্থ হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। কালও সেটা থেকে খুব একটা বেরিয়ে আসতে পারেননি তারা। ৪৫ রানে প্রথম ৪ উইকেট নেই। পঞ্চম উইকেটে আন্দ্রে ফ্লেচার ও কাইরন পোলার্ড ৪.২ ওভারে ৩৭ রানে জুটি করে ওয়েস্ট ইন্ডিজকে আশা দেখাচ্ছিলেন। কিন্তু ফ্লেচার ২৯ রান করে হাসান আলীর বলে বোল্ড হওয়ার পরেই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের হাতছাড়া হয়ে যেতে থাকে। শেষদিকে সুনীল নারাইনের ১৭ বলে ৩০ রানের ইনিংসটাও তাই কোনো কাজে আসেনি ওয়েস্ট ইন্ডিজের।
৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সোহেল তানভীর। তবে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক সরফরাজই।