সরফরাজের জবাব ওয়ার্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ড বইয়ে নাম ওঠানো এক সেঞ্চুরি করেই প্রথম দিনটাকে নিজের করে নিয়েছিলেন ইউনিস খান। কাল দুবাই টেস্টের দ্বিতীয় দিনটিও নায়ক খুঁজে পেল সহজেই। ৮০ বলে সেঞ্চুরি, দিনের অবিসংবাদিত নায়ক সরফরাজ আহমেদ। এই উইকেটকিপারের বিস্ফোরক ইনিংসেই পাকিস্তান দুই সেশনের মধ্যেই দ্বিগুণ করে ফেলেছে আগের দিনের সংগ্রহকে। তিন ইনিংসের মধ্যে সরফরাজের দ্বিতীয় সেঞ্চুরিতে অলআউট হওয়ার আগে পাকিস্তান তুলেছে ৪৫৪ রান। জবাবটা অবশ্য ভালোই দিচ্ছে অস্ট্রেলিয়া। বিনা উইকেটেই ১১৩ রান তুলেই দিন শেষ করেছে তারা।
সরফরাজের ব্যাটিংয়ের পাল্টা জবাব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। ৭৭ বলে অপরাজিত ৭৫, অস্ট্রেলীয় ওপেনার আজ দিন শুরু করবেন টানা তৃতীয় সেঞ্চুরির লক্ষ্যে। গত ফেব্রুয়ারিতে সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৫ রান করার পর ওয়ার্নারের এটা টানা ষষ্ঠ পঞ্চাশোর্ধ্ব ইনিংস।
টানা পঞ্চম ৫০ ছাড়ানো ইনিংস খেলেছেন সরফরাজও। ২৯১ রানে অধিনায়ক মিসবাহর বিদায়ের পর ক্রিজে আসেন ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। ষষ্ঠ উইকেটে আসাদ শফিকের সঙ্গে ১২৪ রান যোগ করা সরফরাজ জিওফ মার্শ তনয় মিচেল মার্শকে চার মেরেই ছুঁয়েছেন তিন অঙ্ক। পাকিস্তানের চতুর্থ দ্রুততম টেস্ট সেঞ্চুরি এটি। দ্রুততম সেঞ্চুরিটি মাজিদ খানের। ১৯৭৬-৭৭ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্টে ৭৪ বলে সেঞ্চুরি করেছিলেন মাজিদ। ৭৮ বলের অন্য দুটি সেঞ্চুরি শহীদ আফ্রিদির।
বাঁহাতি ফাস্ট বোলার মিচেল জনসন ৩১ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে ৩ উইকেট নিলেও অস্ট্রেলীয় স্পিনাররা রান বিলিয়েছেন উদারভাবেই। ক্রিকইনফো।