সরফরাজের বিরুদ্ধে পিসিবির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরফরাজ নেওয়াজ
সরফরাজ নেওয়াজ

সাবেক পাকিস্তানি ক্রিকেটার সরফরাজ নেওয়াজকে আইনি নোটিশ পাঠিয়েছে স্থানীয় একটি আদালত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) করা একটি মানহানির মামলায় এই নোটিশ জারি করা হয়েছে। সেই মামলায় পিসিবি ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছে ১০ কোটি রুপি।
'স্পট ফিক্সিং' কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়া পেসার মোহাম্মদ আমিরকে নিষেধাজ্ঞা ফুরানোর আগেই ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেওয়ায় সংবাদমাধ্যমে পিসিবির কঠোর সমালোচনা করেন সরফরাজ। বিশ্বকাপের উছিলায় বোর্ড কর্তারা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে 'আনন্দ-ভ্রমণ' করছেন বলেও অভিযোগ করেন তিনি। এমন ঘটনার পর পিসিবি সরফরাজের কাছে তাঁর এ রকম বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়ে চিঠি পাঠায়। কিন্তু সরফরাজ সেই চিঠির কোনো উত্তর না দেওয়ায় পিসিবি আদালতে সরফরাজের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দেয়। আদালতে বোর্ড দাবি করে যে সরফরাজের দেওয়া বক্তব্য ভিত্তিহীন এবং পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। এরই ক্ষতিপূরণ হিসেবে দশ কোটি পাকিস্তানি রুপি দাবি করে তারা। আদালত বোর্ডের বক্তব্য শোনার পর সোমবার সরফরাজের নামে এই নোটিশ জারি করেন। ১৫ এপ্রিলের মধ্যেই এর জবাব দিতে হবে সরফরাজকে।
১৫ বছরের ক্যারিয়ারে খেলেছেন ৫৫টি টেস্ট এবং ৪৫টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। ওয়ানডে তে তাঁর ঝুলিতে আছে ২২১ রান এবং ৬৩টি উইকেট। টেস্ট ক্যারিয়ারে তাঁর রান সংগ্রহ মোট ১০৪৫, ফাস্ট বোলার হিসেবে উইকেট নিয়েছেন ১৭৭টি। সূত্রঃ ডন নিউজ